ঐক্যের বাংলাদেশ গড়ার বার্তা দিতে আসছেন প্রধানমন্ত্রী : চসিক মেয়র

চট্টগ্রাম ব্যুরো

সারাদেশ

রেইনবো নেশন বা বৈচিত্র্যর মধ্যে ঐক্যের বাংলাদেশ গড়ার বার্তা নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে আসছেন বলে

2026-10-17T18:50:33+00:00
2026-10-17T18:50:33+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
ঐক্যের বাংলাদেশ গড়ার বার্তা দিতে আসছেন প্রধানমন্ত্রী : চসিক মেয়র
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ৬:৫০ পিএম 
শারদীয় দুর্গাপূজার পূজামণ্ডপ পরিদর্শনের পর চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। ছবি : সময়ের আলো
রেইনবো নেশন বা বৈচিত্র্যর মধ্যে ঐক্যের বাংলাদেশ গড়ার বার্তা নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে আসছেন বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন।

শনিবার (১৭ অক্টোবর) দুপুরে চট্টগ্রামের ঐতিহ্যবাহী জেএম সেন হলে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে শারদীয় দুর্গাপূজার পূজামণ্ডপ পরিদর্শনকালে একথা বলেন। পরিদর্শনের পর তিনি ৫শ সনাতনী নারীর হাতে পূজার উপহারসামগ্রী তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম ৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান।

মেয়র বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান এমন একটি বাংলাদেশ গড়ার অঙ্গীকার করেছেন, যেখানে ধর্ম, বর্ণ ও সম্প্রদায় নির্বিশেষে সব মানুষ সমান মর্যাদা ও অধিকার নিয়ে বসবাস করবে। রেইনবো নেশনের এই ধারণা বাস্তবায়নের মধ্য দিয়ে সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্য সামনে রেখে প্রধানমন্ত্রী চট্টগ্রামে আসছেন।

দুর্গাপূজাকে নির্বিঘ্ন করতে গৃহীত কার্যক্রম তুলে ধরে মেয়র বলেন, নগরীতে পূজা উদ্‌যাপন সুন্দরভাবে শুরু হয়েছে এবং চলছে। এর মূলে রয়েছে পূজামণ্ডপের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা। দর্শনার্থীদের নির্বিঘ্ন যাতায়াত এবং জনসাধারণের চলাচল স্বাভাবিক রাখতে আমি সংশ্লিষ্ট সবাইকে নিয়ে বসে কিছু সিদ্ধান্ত নিয়েছি। সেসব সিদ্ধান্তের আলোকে চসিকের কর্মকর্তা এবং সংশ্লিষ্টরা কাজ করছেন। আমি সবাইকে নিয়ে পুরো কার্যক্রম পরিকল্পনামাফিক কাজ করছি। 

তিনি বলেন, নগরীর আন্দরকিল্লা, দেওয়ান বাজারসহ যেসব এলাকায় পূজামণ্ডপ আছে, সেগুলোর শৃঙ্খলা এবং নিরাপত্তা নিশ্চিতে আমাদের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা এবং ম্যাজিস্ট্রেটরা মাঠে আছেন। পূজামণ্ডপ ও এর আশপাশের এলাকায় শৃঙ্খলা বজায় রাখা, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা এবং দর্শনার্থীদের চলাচলে কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি হতে না দেওয়ার জন্য পরিচ্ছন্ন বিভাগ কাজ করছে।

মেয়র আরও বলেন, মহানগরীর ১৬টি থানার অন্তর্গত ২৯৪টি পূজামণ্ডপকে মোট ১৪ লাখ ৭০ হাজার টাকা অনুদান দেওয়া হয়েছে। এ ছাড়া জে এম সেন হল পূজামণ্ডপকে পাঁচ লাখ টাকা, চট্টগ্রাম সিটি করপোরেশন পূজা উদ্‌যাপন পরিষদের জামালখানস্থ কুসুমকুমারী পূজামণ্ডপকে ১৫ লাখ টাকা এবং সিটি করপোরেশনের চারটি সেবক কলোনির হরিজন সম্প্রদায়ের জন্য প্রতিটি কলোনিতে ৫০ হাজার টাকা করে মোট দুই লাখ টাকা অনুদান দেওয়া হয়েছে। সব মিলিয়ে মোট ৩৬ লাখ ৭০ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। 

মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, ধর্মীয় উৎসব মানুষের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য ও পারস্পরিক সহযোগিতার বন্ধন দৃঢ় করে। চট্টগ্রাম একটি সাম্প্রদায়িক সম্প্রীতির নগরী। এ নগরীতে সব ধর্মের মানুষ যেন নিজ নিজ ধর্মীয় উৎসব নিরাপদে ও নির্বিঘ্নে উদ্‌যাপন করতে পারেন, তা নিশ্চিত করতে হবে। ধর্মীয় পরিচয় যার যার, কিন্তু নগরী সবার। তাই নগরীর উন্নয়ন, নিরাপত্তা ও কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তিনি বলেন, একটি রেইনবো সিটি গড়ে তোলার অর্থ এমন একটি নগরী তৈরি করা, যেখানে প্রত্যেক মানুষ নিরাপদে চলাচল করতে পারবেন, ধর্মীয় উৎসব পালন করতে পারবেন এবং সুস্থ ও সুন্দর পরিবেশে বসবাস করতে পারবেন। এ জন্য নগরীর পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ, জনস্বাস্থ্য ও নাগরিক অবকাঠামোর যথাযথ রক্ষণাবেক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এ সময় সংসদ সদস্য আবু সুফিয়ান বলেন, সবাইকে সঙ্গে নিয়ে দেশ গড়ার যে লক্ষ্য প্রধানমন্ত্রী নির্ধারণ করেছেন, তা বাস্তবায়নের অংশ হিসেবে তাঁর চট্টগ্রাম আগমন আমাদের জন্য অত্যন্ত আনন্দের। প্রধানমন্ত্রীর এ আগমন সফল ও সুন্দরভাবে সম্পন্ন করতে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করছি।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আমিন, প্রধান প্রকৌশলী আনিসুর রহমান, মহানগর পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি অধ্যাপক অর্পণ কান্তি ব্যানার্জী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিখিল কুমার নাথ, মহানগর বিএনপির সদস্য আনোয়ার হোসেন লিপু, চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি, গিয়াস উদ্দিন ভূইয়া, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি রাজীব ধর তমাল, মহানগর পূজা উদ্‌যাপন পরিষদের যুগ্ম সম্পাদক বিপ্লব সেন, কল্যাণ ফ্রন্টের যুগ্ম সম্পাদক বাবু দত্ত, কারাপরিদর্শক উজ্জ্বল বরণ বিশ্বাস, মহানগর পূজা উদ্‌যাপন পরিষদের সাবেক সহসভাপতি সৌরভ প্রিয় পাল, প্রশান্ত কুমার পান্ডে প্রমুখ।

সময়ের আলো/এনএন

  বিষয়:   ঐক্যের বাংলাদেশ  প্রধানমন্ত্রী  চসিক মেয়র  চট্টগ্রাম  রেইনবো নেশন  পূজামণ্ডপ পরিদর্শন  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: