প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ৬:৫৮ পিএম আপডেট: ১৭.১০.২০২৬ ৭:২৫ পিএম
রৌমারীতে ট্রাকচাপায় নিহত ৫। ছবি : সময়ের আলো কুড়িগ্রামের রৌমারীতে ধানবোঝাই ট্রাকের চাপায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহতের ঘটনায় একই পরিবারের চারজন প্রাণ হারিয়েছেন। রৌমারী থানা পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে। শনিবার (১৭ অক্টোবর) দুপুরে উপজেলার যাদুরচর ইউনিয়নের শিবেরডাঙি বাজারের কাছে এই দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একই পরিবারের চার সদস্য হলেন, রৌমারী উপজেলার শৌলমারী ইউনিয়নের চতলাকান্দা গ্রামের শিক্ষক শহিদুল ইসলামের স্ত্রী লিপি খাতুন, শহিদুল ইসলামের ছেলে রিশাদ (১২) ও মেয়ে তুবা (৭) এবং দুই শিশুর খালা শরিফা বেগম।
অপর নিহত ব্যক্তি হলেন অটোরিকশাচালক, যার বাড়ি জামালপুর জেলার কাউনিয়ার চর এলাকায় হলেও তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় পাওয়া যায়নি। দুর্ঘটনায় গুরুতর আহত বৃষ্টি নামের এক শিশুকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে কাউনিয়ারচর থেকে পাঁচজন যাত্রী নিয়ে অটোরিকশাটি কর্তীমারীর দিকে যাচ্ছিল। পথিমধ্যে সায়োদাবাদ বাজারের কাছে শিবেরডাঙ্গি এলাকায় বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির ধানবোঝাই একটি ট্রাক অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশাচালকসহ তিনজনের মৃত্যু হয়। পরে আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে আরও দুজন মারা যান।
রৌমারী স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, নিহত দুই শিশুর নাম রিশাদ ও তুবা। তাদের বাবার নাম শহিদুল ইসলাম। একই রিশাদ ও তুবার মা লিপি ও খালা শরিফা মারা গেছেন। তারা উপজেলার চতলাকান্দা গ্রামের বাসিন্দা।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. আব্দুস সামাদ বলেন, আমরা এ পর্যন্ত ৫ জনের লাশ পেয়েছি। এর মধ্যে দুই শিশু ও দুই নারী রয়েছেন। নিহতদের মধ্যে দুই শিশু, তাদের মা ও খালা রয়েছেন। পুরুষ লোকটির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তবে তিনি অটোচালক বলে জানা গেছে।
রৌমারী থানার ভারাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওছার আলী ওসি বলেন, আমি ঘটনাস্থলে আছি। দুই নারী ও এক পুরুষসহ তিন জনের লাশ হাসপাতালে পাঠিয়েছি। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে পাঠানো আরও দুই শিশুর মৃত্যু হয়েছে বলে জেনেছি। বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।
সময়ের আলো/আতা