প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ৭:২৩ পিএম
মো. সজিব উদ্দিন। ছবি : সংগৃহীতচট্টগ্রামের ফটিকছড়িতে মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মো. সজিব উদ্দিন (২২) নামে এক তরুণ প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় মুহাম্মদ রায়হান নামে আরও একজন গুরুতর আহত হন। শনিবার (১৭ অক্টোবর) দুপুরে উপজেলার আজাদী বাজার এলাকার হেয়াকো-গহিরা সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সজিব উপজেলার রোসাংগিরি ইউনিয়নের মনুর বাড়ির মোহাম্মদ রফিকের ছেলে। সে নিজেদের ফেইজবুক পেজের কনটেন্ট ক্রিয়েটর ও সহযোগী হিসেবে পরিচিত।
স্থানীয় বাসিন্দারা জানান, আজাদী বাজারে একটি প্রোগ্রাম শেষ করে রায়হানসহ তারা দুটি মোটরসাইকেলে তিনজন বাড়ির দিকে ফিরছিলেন। রায়হানের মোটরসাইকেলে তার সহযোগী ছিলেন নিহত সজিব। উল্লেখিত স্থানে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়ায়। এতে সজিব ঘটনাস্থলেই প্রাণ হারান এবং রায়হান গুরুতর আহত হন।
ফাহাদুল আলম নামের এক প্রত্যক্ষদর্শী বলেন, চোখের সামনে প্রতিদিনই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। এতো প্রাণহানি, একটি পরিবারের স্বপ্ন, একটি মানুষের জীবন; সবই এক মুহূর্তেই শেষ! এই রাস্তায় প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটলেও এখানে নেই পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা। নেই স্পিড ব্রেকার, নেই দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর উদ্যোগ। আর কত মানুষের প্রাণ গেলে কর্তৃপক্ষের ঘুম ভাঙবে? আর কত মায়ের বুক খালি হলে এই রাস্তায় স্পিড ব্রেকার দেওয়া হবে?
ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. মো. তৌহিদুল আলম বলেন, ওই তরুণকে স্বাস্থ্যকেন্দ্রে আনার আগেই তার মৃত্যু হয়। নিহত তরুণের মাথায় গুরুতর জখম এবং অপর আহত ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হোসেন খান বলেন, মরদেহ উদ্ধার পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সময়ের আলো/এনএন