চট্টগ্রামের ফটিকছড়ির লেলাং ইউনিয়নে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও চুরি-ডাকাতি রোধে থানা পুলিশের মতবিনিময় সভার কয়েক ঘণ্টার মধ্যেই একটি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (১৬ অক্টোবর) গভীর রাতে লেলাং চম্পাতলী গ্রামে গহিরা-হেয়াকো সড়কের পাশে পল্লী বিদ্যুতের খুঁটি থেকে এ ট্রান্সফরমারটি চুরি হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সাম্প্রতিক সময়ে এলাকায় চুরি ও ডাকাতির উপদ্রব আশংখাজনক বৃদ্ধি পাওয়ায় তা প্রতিরোধের লক্ষ্যে শুক্রবার রাতে ফটিকছড়ি থানা পুলিশ এক সচেতনতামূলক মতবিনিময় সভার আয়োজন করা হয়। সমাবেশ শেষ হওয়ার মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে রাতে চম্পাতলী এলাকায় ঘটে চুরির ঘটনা।
শনিবার সকালে বিষয়টি স্থানীয়দের নজরে আসলে পুরো এলাকায় চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়। থানা পুলিশের সমাবেশের পরপরই এমন চুরির ঘটনায় অনেকেই ক্ষোভ ও হতাশা প্রকাশ করেন।
স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন জানান, চোর চক্র কতটা বেপরোয়া হয়ে উঠেছে যে পুলিশি সভার কয়েক ঘণ্টার মধ্যে তারা এই দুঃসাহস দেখিয়েছে। এলাকাবাসী দ্রুত অপরাধীদের চিহ্নিত করে গ্রেফতার এবং চুরি হওয়া ট্রান্সফরমার উদ্ধারের দাবি জানান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চট্টগ্রাম-২ পল্লী বিদ্যুৎ সমিতি ফটিকছড়ি জোনাল কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) আবুল বাসার শামছুদ্দিন বলেন, শাহনগরে একটি ট্রান্সফরমার চুরির ঘটনায় থানায় জিডির প্রস্তুতি চলছে।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল আলম খান বলেন, স্থানীয়রা বিষয়টি আমাকে জানিয়েছেন, অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
সময়ের আলো/আতা