পদত্যাগের পর যুবলীগে যোগ দিলেন ছাত্রদল নেতা

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি

সারাদেশ

ফরিদপুরের সালথা উপজেলা যুবলীগের নবগঠিত কমিটিতে সহসভাপতির পদ পেয়েছেন স্বপন গোলদার ওরফে গোল্ডেন। এর আগে তিনি ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের

2026-10-17T20:31:33+00:00
2026-10-17T20:54:01+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
পদত্যাগের পর যুবলীগে যোগ দিলেন ছাত্রদল নেতা
নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ৮:৩১ পিএম  আপডেট: ১৭.১০.২০২৬ ৮:৫৪ পিএম
স্বপন গোলদার ওরফে গোল্ডেন। ছবি : সংগৃহীত
ফরিদপুরের সালথা উপজেলা যুবলীগের নবগঠিত কমিটিতে সহসভাপতির পদ পেয়েছেন স্বপন গোলদার ওরফে গোল্ডেন। এর আগে তিনি ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের উত্তরা পশ্চিম থানা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক পদে ছিলেন বলে জানা গেছে। ছাত্রদল থেকে পদত্যাগের ঘোষণা দেওয়ার কয়েক দিনের মধ্যে যুবলীগের কমিটিতে তার অন্তর্ভুক্তি নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সম্প্রতি নিজের ফেসবুক পেজে ছাত্রদল থেকে পদত্যাগের একটি চিঠি প্রকাশ করেন স্বপন গোলদার গোল্ডেন। ওই চিঠিতে তিনি ছাত্রদলের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। এর কয়েক দিন পর গত ১৬ অক্টোবর ঘোষিত সালথা উপজেলা যুবলীগের নবগঠিত কমিটিতে তাকে পাঁচ নম্বর সহসভাপতি হিসেবে রাখা হয়।

ছাত্রদল থেকে পদত্যাগ এবং যুবলীগের কমিটিতে পদ পাওয়ার বিষয়ে জানতে চাইলে স্বপন গোলদার গোল্ডেন বলেন, ৫ আগস্টের পর দলীয় নেতাকর্মী, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের নিরাপত্তার কথা বিবেচনা করে কৌশলগত কারণে তিনি ছাত্রদলের কমিটিতে যুক্ত হয়েছিলেন। বর্তমানে পরিস্থিতি অনুকূলে আসায় প্রকাশ্যে বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করতে চান তিনি। এ কারণেই তাকে যুবলীগের কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে দাবি করেন তিনি।

ফেসবুকে পদত্যাগপত্র প্রকাশের কারণ ব্যাখ্যা করে স্বপন গোলদার বলেন, তিনি যে কমিটি থেকে পদত্যাগ করেছেন, সেটি পূর্ণাঙ্গ কমিটি ছিল না; বরং একটি খসড়া কমিটি ছিল। নিজেকে আওয়ামী লীগের আদর্শে বিশ্বাসী দাবি করে তিনি বলেন, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তির সঙ্গে তার ছবি ও ভিডিও রয়েছে। এসব নিয়ে ভবিষ্যতে আলোচনা-সমালোচনা বা বিভ্রান্তি তৈরি হতে পারে—এমন আশঙ্কা থেকেই নিজের অবস্থান স্পষ্ট করতে পদত্যাগপত্রটি ফেসবুকে প্রকাশ করেছেন।

এদিকে, নবগঠিত কমিটিতে স্বপন গোলদারের অন্তর্ভুক্তি নিয়ে প্রশ্ন তুলেছেন ফরিদপুর জেলা যুবলীগের সদস্য শওকত হোসেন মুকুল। তিনি বলেন, স্বপন গোলদার গোল্ডেন নামে কাউকে আগে যুবলীগের রাজনীতিতে সক্রিয় থাকতে দেখেননি। তবে তিনি শুনেছেন, স্বপনের বাড়ি সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের মাঝারদিয়া গ্রামে এবং তিনি আলতাব হোসেনের ছেলে। ছাত্রদল থেকে পদত্যাগসংক্রান্ত একটি চিঠির স্ক্রিনশটও পেয়েছেন বলে জানান তিনি। তবে স্বপন গোলদারের রাজনৈতিক কর্মকাণ্ড সম্পর্কে বিস্তারিত জানেন না বলে উল্লেখ করেন মুকুল।

নবগঠিত কমিটি নিয়ে অসন্তোষ প্রকাশ করে শওকত হোসেন মুকুল বলেন, তার ধারণা, বিশেষ কোনো ব্যক্তির ইশারা ও প্ররোচনায় এ কমিটি গঠন করা হয়েছে। তার অভিযোগ, সালথা উপজেলার আওয়ামী লীগ-সংশ্লিষ্ট অনেক পরিবার এবং যুবলীগের একটি বড় অংশের সঙ্গে ঘোষিত কমিটির সম্পৃক্ততা নেই। এমনকি দীর্ঘদিন ধরে রাজনীতিতে সক্রিয় অনেক নেতাকর্মীকেও কমিটিতে স্থান দেওয়া হয়নি বলে দাবি করেন তিনি।

ছাত্রদলের কমিটি থেকে পদত্যাগের ঘোষণা দেওয়ার পর অল্প সময়ের ব্যবধানে যুবলীগের কমিটিতে গুরুত্বপূর্ণ পদ পাওয়ার বিষয়টি স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে। তবে স্বপন গোলদার নিজের রাজনৈতিক অবস্থান পরিবর্তনের ব্যাখ্যা দিয়ে নিজেকে আওয়ামী লীগের আদর্শের অনুসারী বলে দাবি করেছেন।

সময়ের আলো/এনএন
  বিষয়:   ছাত্রদল থেকে পদত্যাগ  সালথা যুবলীগ  সহসভাপতি স্বপন  নগরকান্দা  ফরিদপুর  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: