প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ৮:৫০ পিএম
ছবি : সংগৃহীতসুনামগঞ্জ জগন্নাথপুরে ছোট বোনের বিয়ের দাওয়াত না দেওয়ার জেরে চাচাতো ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (১৭ অক্টোবর) দুপুরে উপজেলার লুদরপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নাজিম উদ্দিন (৪৫) লুদরপুর গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার নাজিম উদ্দিনের ছোট বোনের বিয়ে হয়। এই বিয়ের দাওয়াত না দেওয়াকে কেন্দ্র করে চাচাতো ভাই মাসুম মিয়ার পরিবারের সঙ্গে তাদের মনোমালিন্য সৃষ্টি হয়। পরে আজ শনিবার সকালে বিয়ের দাওয়াত দিতে নাজিম উদ্দিন তার চাচাতো ভাই মাসুম মিয়ার বাড়িতে যান।
এ সময় দুইপক্ষের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি এবং একপর্যায়ে মাসুম ও তার ভাইয়েরা মিলে নাজিম উদ্দিনের ওপর হামলা চালান। এতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। পরে স্বজনেরা তাকে আশঙ্কাজনক অবস্থায় জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
নিহত নাজিম উদ্দিনের চাচাতো ভাই সালেহ আহমদ অভিযোগ করে বলেন, মাসুমকে বিয়ের দাওয়াত না দেওয়ায় আমার ভাইয়ের ওপর হামলা চালিয়ে তাকে হত্যা করা হয়েছে।
এ বিষয়ে জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) ওমর ফারুক জানান, খবর পেয়ে পুলিশ নিহত নাজিম উদ্দিনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সময়ের আলো/আতা