প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ৯:১২ পিএম আপডেট: ১৭.১০.২০২৬ ৯:১৫ পিএম
রাঙামাটি জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। ছবি : সংগৃহীত পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন সমস্যা রাতারাতি সমাধান করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।
শনিবার (১৭ অক্টোবর) রাঙামাটি জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলার সার্বিক উন্নয়ন ও আইনশৃঙ্খলা বিষয়ক সমন্বয় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, কিছু প্রশাসনিক সমস্যা দ্রুত সমাধানের উদ্যোগ নেয়া হচ্ছে। আর রাজনৈতিক সমস্যাগুলো সমাধানে আলোচনা চলছে। আশা করছি, শিগগিরই সব সমস্যার সমাধান হবে।
আসন্ন দুর্গাপূজার নিরাপত্তা ও প্রস্তুতি নিয়ে প্রতিমন্ত্রী বলেন, রাঙামাটির প্রতিটি পূজামণ্ডপে উৎসবমুখর পরিবেশে এবং সর্বোচ্চ নিরাপত্তার মধ্য দিয়ে দুর্গাপূজা উদযাপন সম্পন্ন হবে। কোথাও কোনও সমস্যা দেখা দিলে কেউ যেন গুজবে কান না দেন। যেকোনও পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন প্রস্তুত রয়েছে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী রংধনু জাতি গঠনের যে স্বপ্ন দেখিয়েছেন, তা বাস্তবায়নে সরকার কাজ করছে। সনাতন ধর্মাবলম্বীদের জন্য এক দিন অতিরিক্ত ছুটির ব্যবস্থা করা হয়েছে এবং আর্থিক অনুদানও বাড়ানো হয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, আগামী কয়েক দিনের মধ্যে প্রবারণা পূর্ণিমা ও কঠিন চীবর দান অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এসব ধর্মীয় অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে আয়োজনের বিষয়েও সভায় আলোচনা হয়েছে। আশা করছি, সব অনুষ্ঠান সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হবে।
সময়ের আলো/আতা