প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ১০:০৮ পিএম
পুলিশের এসআই দেলোয়ার হোসেন। ছবি : সংগৃহীতহবিগঞ্জের মাধবপুরে পুলিশ কর্মকর্তা দেলোয়ার হোসেনকে সামাজিক যোগাযোগমাধ্যমে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে নিষিদ্ধ ঘোষিত উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক আতাউস সালাম বাবুর বিরুদ্ধে। ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, ‘অবসরের পরও শান্তিতে বাড়ি ফিরতে পারবেন না।’ এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে। বিষয়টি যাচাই করে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ।
ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে আতাউস সালাম বাবু লেখেন, ‘দেলোয়ার সাহেবদের নাম-ঠিকানা আমরা রাখছি, কারণ তারাও পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবে না ইনশাআল্লাহ।’ অন্য এক বক্তব্যে তিনি লেখেন, ‘অবসরের পরও শান্তিতে বাড়ি ফিরতে পারবেন না ইনশাআল্লাহ।’ পোস্টে কর্মরত পুলিশ কর্মকর্তাদের নাম-পরিচয় সংরক্ষণের কথাও উল্লেখ করেন তিনি।
স্ট্যাটাসে বাবু দাবি করেন, শনিবার সন্ধ্যায় কাশিমনগর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন তাঁকে পুনরায় গ্রেফতার করতে বাড়িতে গিয়েছিলেন। তবে সে সময় তাঁকে বাড়িতে পাওয়া যায়নি। এর কিছুক্ষণ পর সিরাজ নামে এক ব্যক্তির গ্রেফতারের খবর পান বলেও পোস্টে উল্লেখ করেন তিনি।
পুলিশ কর্মকর্তাকে উদ্দেশ করে দেওয়া এ বক্তব্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ এটিকে পুলিশের প্রতি হুমকি হিসেবে দেখছেন, আবার কেউ পুলিশের মনোবল দুর্বল করার কৌশল বলে মনে করছেন।
সিরাজ উদ্দিনের গ্রেফতারের বিষয়ে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, তাঁর বিরুদ্ধে নিয়মিত মামলা থাকায় তাঁকে গ্রেফতার করা হয়েছে।
ফেসবুক পোস্টের বিষয়টি নিশ্চিত করে শনিবার (১৭ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. রাফিউর রহমান বলেন, বিষয়টি পুলিশের নজরে এসেছে। ফেসবুক স্ট্যাটাসটি যাচাই-বাছাই করে এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
সময়ের আলো/এনএন