প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ১০:১৩ পিএম আপডেট: ১৭.১০.২০২৬ ১০:১৪ পিএম
মেরিন ড্রাইভের ৮০ কিলোমিটার এলাকায় আড়াই শতাধিক প্রতিষ্ঠানের বৈধতা পায়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ছবি : সংগৃহীত কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের ৮০ কিলোমিটার এলাকায় আড়াই শতাধিক প্রতিষ্ঠানের বৈধতা পায়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এসব প্রতিষ্ঠানকে নোটিশ দিয়ে সতর্ক করা হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যুর ঘটনায় আলোচনায় আসা টুপটুপ রিসোর্টও ছিল এই তালিকায়।
শনিবার (১৭ অক্টোবর) সকাল ৭টার দিকে কক্সবাজারের পাটুয়ারটেক এলাকায় মেরিন ড্রাইভসংলগ্ন টুপটুপ রিসোর্টে আগুন লাগে। এতে ১০ জন নিহত ও ছয়জন আহত হন। পরে জানা যায়, রিসোর্টটির কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ (কউক), ফায়ার সার্ভিস ও পরিবেশ অধিদফতরের প্রয়োজনীয় অনুমোদন ছিল না।
কউকের চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ জসিম উদ্দিন জানান, টুপটুপ রিসোর্টকে অনুমোদন না থাকার বিষয়ে নোটিশ দেওয়া হয়েছিল। মেরিন ড্রাইভে থাকা হাজারের বেশি প্রতিষ্ঠানের মধ্যে যাচাই করে আড়াই শত প্রতিষ্ঠানকে বৈধতা নিশ্চিত করতে নোটিশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের পর চূড়ান্ত নোটিশ দিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে উচ্ছেদ অভিযান চালানো হবে।
ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন জানান, টুপটুপ রেস্টুরেন্ট অ্যান্ড রিসোর্টের ফায়ার সার্ভিসের লাইসেন্স ছিল না। সতর্ক করার পরও প্রতিষ্ঠানটি প্রয়োজনীয় অনুমোদন নেয়নি।
কক্সবাজার ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানান, লাইসেন্স না থাকায় দুই শতাধিক প্রতিষ্ঠানকে আগেই নোটিশ দেওয়া হয়েছিল। এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশনা এসেছে।
পরিবেশ অধিদফতরের কক্সবাজার কার্যালয়ের উপপরিচালক খন্দকার মাহমুদ পাশা জানান, টুপটুপ রিসোর্টসহ আড়াই শত প্রতিষ্ঠানের পরিবেশ ছাড়পত্র নেই। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন সচেতন মহল। কক্সবাজার নাগরিক আন্দোলনের সদস্যসচিব বেলাল আবেদীন বলেন, পর্যটন বিকাশের পূর্বশর্ত পর্যটকদের নিরাপত্তা। ভয়াবহ আগুনে ১০ জনের প্রাণহানির পর এই প্রতিষ্ঠানসহ অন্যান্য প্রতিষ্ঠানের বৈধতা নেই বলে দায় এড়াতে পারে না কউক, পরিবেশ অধিদফতর ও ফায়ার সার্ভিস।
সময়ের আলো/এমকে