প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ১০:৫২ পিএম আপডেট: ১৭.১০.২০২৬ ১১:৪০ পিএম
ছবি : এনডিটিভি ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় দুর্গাপূজার একটি মণ্ডপে পদদলিত হয়ে অন্তত ১৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। তাদের মধ্যে অন্তত ৩৫ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছে কলকাতা পুলিশ।
শনিবার সন্ধ্যা ৭টা ৪০ মিনিটের দিকে উত্তর কলকাতার গিরিশ পার্ক থানার আওতাধীন চোরবাগান সর্বজনীন দুর্গাপূজার মণ্ডপের বের হওয়ার পথে এ ঘটনা ঘটে। বৃষ্টির মধ্যে মণ্ডপে দর্শনার্থীদের অতিরিক্ত ভিড়ের কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয় বলে পুলিশের বিবৃতিতে জানানো হয়েছে।
পুলিশ জানায়, আহত ব্যক্তিদের উদ্ধার করে কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালে নেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কন্ট্রোল রুমের অতিরিক্ত সদস্য, ফায়ার সার্ভিস, দুর্যোগ মোকাবিলা দল এবং চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীসহ অ্যাম্বুলেন্স মোতায়েন করা হয়। দুর্ঘটনার পর মণ্ডপটি দর্শনার্থীদের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে।
পরিস্থিতি দেখতে হাসপাতালে যান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও রাজ্যের মুখ্য সচিব মনোজ আগরওয়াল।
এ ঘটনায় শোক প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি আহত ব্যক্তিদের দ্রুত সুস্থতা কামনা করেন। পাশাপাশি তাদের পরিবারের সদস্যদের এই কঠিন সময়ে শক্তি ও সাহস জোগানোর জন্য প্রার্থনা করেন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, ভিড়ের চাপে অনেকেই জ্ঞান হারিয়ে ফেলেন। আহতদের কয়েকজনকে মোটরসাইকেলে করে হাসপাতালে নেওয়া হয়।
এক প্রত্যক্ষদর্শী জানান, মণ্ডপের প্রবেশ ও বের হওয়ার পথ ছিল খুবই সরু। ওই এলাকায় পর্যাপ্ত আলোর ব্যবস্থাও ছিল না। তার মেয়ে ও নাতনিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান তিনি।
সময়ের আলো/জেডি