প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ১০:৫৭ পিএম আপডেট: ১৭.১০.২০২৬ ১০:৫৭ পিএম
সংগৃহীত ছবি উখিয়ায় সীমান্তবর্তী সাইদুল বাশারের ঘেরের দক্ষিণ পাশে বেঁড়িবাধের উপর দিয়ে প্রবেশকালে ১ লাখ পিস ইয়াবাসহ দুই মাদককারবারিকে আটক করেছে বিজিবি।
শনিবার (১৭ অক্টোবর) ভোর সকাল ৫টা ১০ মিনিটের দিকে ইয়াবাসহ তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন, ১৬ নং ক্যাম্পের এ ব্লক-৮ এর মো. নুর হাশেমের ছেলে মো. জুবায়ের (২৬) ও উখিয়া থানাধীন কোনাপাড়া গ্রামের বাসিন্দা মো. হামিদ হোসেনের ছেলে মো. কলি মোল্লা (২৮)।
শনিবার উখিয়া ৬৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, শনিবার ভোর সকালে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) অধীনস্থ পালংখালী বিওপির বিশেষ টহল দল দায়িত্বপূর্ণ এলাকায় বাংলাদেশের অভ্যন্তরে সীমান্তবর্তী সাইদুল বাশারের ঘেরের দক্ষিণ পাশে বেঁড়িবাধের উপর দিয়ে মিয়ানমার দিক থেকে দুইজন ব্যক্তি ব্যাগ হাতে নিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে সন্দেহ হয়। বিজিবি তাদের চ্যালেঞ্জ করলে তারা দৌড়িয়ে পালিয়ে যাওয়ার প্রাক্কালে বিজিবি সদস্যরা তাদেরকে ধাওয়া করে আটক করে। পরবর্তীতে তল্লাশি চালিয়ে তাদের হাতে থাকা ব্যাগের ভিতরে খাকী রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের ১০ কার্ট ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত ইয়াবা মিয়ানমার সীমান্ত হতে ক্রয় করত ও অধিক দামে বিক্রয়ের উদ্দেশ্যে বহন করছিল বলে স্বীকার করে।
উখিয়া বিজিবির অধিনায়ক আরও জানান, মাদক সরবরাহকারী এবং জড়িত চোরাকারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।
সময়ের আলো/এনএন