এগিয়ে আছেন বিএনপির তিন নেতার আত্মীয়

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছেন বিএনপির ৬৮ জন। এটি ত্রয়োদশ

2026-10-18T00:39:06+00:00
2026-10-18T00:39:06+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
রাজনীতি
এগিয়ে আছেন বিএনপির তিন নেতার আত্মীয়
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৮ অক্টোবর, ২০২৬, ১২:৩৯ এএম 
ছবি : সংগৃহীত
ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছেন বিএনপির ৬৮ জন। এটি ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত সংরক্ষিত নারী আসন-২৩। শুক্রবার দিনভর রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে এসব মনোনয়ন ফরম বিক্রি ও জমা নেওয়া হয়।

কেন্দ্রীয় কার্যালয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মনোনয়নপ্রত্যাশী নারী প্রার্থীদের মধ্যে ফরম বিতরণ করা হয়। নির্ধারিত সময়ের মধ্যে মোট ৭০টি ফরম বিক্রি হয়। শনিবার দিনভার তা জমা নেওয়া হয়।

এর মধ্যে লন্ডন বিএনপির সাবেক সভাপতি মরহুম কমর উদ্দিনের মেয়ে সাবিন খান, সিলেটে বিএনপির সাবেক এমপি সৈয়দ মকবুল হোসেনের মেয়ে সৈয়দ আবিদা হোসেন ও ঢাকা মহানগর বিএনপির সাবেক নেতা সৈয়দ আবু বকর সিদ্দিক সাজুর স্ত্রী সৈয়দ সাবরিনা সিদ্দিকী এগিয়ে আছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

জামানত ২০ হাজার টাকা : প্রার্থীদের জামানত দিতে হবে ২০ হাজার টাকা। আয়কর রিটার্নের সঙ্গে সম্পদের বিবরণী জমা দিয়ে থাকলে হলফনামায় দেশে-বিদেশে থাকা সম্পদের বিস্তারিত তথ্য দিতে হবে না। তবে রিটার্নের সত্যায়িত অনুলিপি জমা দিতে হবে। শনিবার নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচন পরিচালনা শাখার কর্মকর্তারা এ তথ্য জানান।

হলফনামায় যেসব তথ্য দিতে হবে : ইসির নির্দেশনা অনুযায়ী, মনোনয়নপত্রের সঙ্গে দাখিল করা হলফনামায় প্রার্থী বর্তমানে কোনো ফৌজদারি মামলায় অভিযুক্ত কি না, অতীতে তার বিরুদ্ধে মামলা হয়ে থাকলে তার বিবরণ ও রায়, ব্যবসা বা পেশা এবং দেশে-বিদেশে আয়ের সম্ভাব্য উৎস উল্লেখ করতে হবে। এ ছাড়া প্রার্থী ও তার ওপর নির্ভরশীল ব্যক্তিদের সম্পদ ও দায়ের বিবরণ দিতে হবে।

তবে আয়কর রিটার্নের সঙ্গে সম্পদের বিবরণী জমা দেওয়া থাকলে হলফনামায় তা উল্লেখ করে সম্পদের বিস্তারিত তথ্য না দিলেও চলবে। সে ক্ষেত্রে রিটার্নের অনুলিপি গেজেটেড কর্মকর্তা বা আয়কর আইনজীবীর মাধ্যমে সত্যায়িত করে জমা দিতে হবে।

অতীতের ফৌজদারি মামলার সব তথ্য প্রার্থীর কাছে নাও থাকতে পারে। কোনো মামলায় চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হয়ে থাকলে বা প্রার্থী খালাস পেলে বিস্তারিত তথ্য দিতে না পারার কারণে মনোনয়নপত্র বাতিল করা হবে না। তবে দণ্ডিত হওয়ার তথ্য গোপনের বিষয়টি প্রমাণিত হলে মনোনয়নপত্র গ্রহণযোগ্য হবে না।

আগে সংসদ সদস্য নির্বাচিত হয়ে থাকলে নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি এবং সেগুলোর কতটি বাস্তবায়ন করেছেন, তা হলফনামায় উল্লেখ করতে হবে। আগে সংসদ সদস্য না হলে এ তথ্য দেওয়ার প্রয়োজন নেই। কোনো প্রতিশ্রুতি বা অর্জন না থাকলে তা উল্লেখ করলেও গ্রহণযোগ্য হবে।

এ ছাড়া প্রার্থীর একক বা যৌথভাবে নেওয়া ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ঋণের পরিমাণ জানাতে হবে। তার ওপর নির্ভরশীল ব্যক্তিদের ঋণ এবং ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক কিংবা পরিচালক হিসেবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে নেওয়া ঋণের তথ্যও দিতে হবে।


মনোনয়নপত্রের সঙ্গে আয়কর আইন, ২০২৩-এর ১৬৬ ধারা অনুযায়ী দাখিল করা আয়কর রিটার্নের সত্যায়িত অনুলিপি এবং ২৬৪ ধারা অনুযায়ী রিটার্ন জমার প্রমাণপত্র দিতে হবে। পাশাপাশি কমিশনের নির্ধারিত নমুনায় ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্প বা কোর্ট ফি দিয়ে হলফনামা প্রস্তুত করে জমা দিতে হবে।

ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমার শেষ তারিখ ২৬ অক্টোবর। বাছাই হবে ২৭ অক্টোবর। বাছাইয়ের বিরুদ্ধে আপিল করা যাবে ২৮ অক্টোবর এবং নিষ্পত্তি হবে ২৯ অক্টোবর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১ নভেম্বর। প্রতীক বরাদ্দ ২ নভেম্বর এবং ভোটগ্রহণ ১২ নভেম্বর।

গত ২৪ সেপ্টেম্বর মিরপুরের মাতৃ ও শিশুস্বাস্থ্যসেবা কেন্দ্র রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর, লুটপাট ও স্থাপনা গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টির সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে। এর পরিপ্রেক্ষিতে ১ অক্টোবর তিনি স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন। ওই দিনই তার আসন (সংরক্ষিত নারী আসন-২৩) শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়।

সময়ের আলো/প্রিন্ট/এসএকে
  বিষয়:   বিএনপি  নেতা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: