ক্যান্সার জয় করে ভ্যাটিকানে ফিরলেন পোপ লিও

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ফুসফুসের ক্যান্সারের অস্ত্রোপচারের চার দিন পর রোমের জেমেলি হাসপাতাল থেকে ভ্যাটিকানে ফিরেছেন ক্যাথলিক ধর্মগুরু পোপ লিও। শনিবার (১৭ অক্টোবর) হাসপাতাল

2026-10-18T02:12:15+00:00
2026-10-18T02:12:15+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
ক্যান্সার জয় করে ভ্যাটিকানে ফিরলেন পোপ লিও
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ১৮ অক্টোবর, ২০২৬, ২:১২ এএম 
ছবি : সংগৃহীত
ফুসফুসের ক্যান্সারের অস্ত্রোপচারের চার দিন পর রোমের জেমেলি হাসপাতাল থেকে ভ্যাটিকানে ফিরেছেন ক্যাথলিক ধর্মগুরু পোপ লিও। শনিবার (১৭ অক্টোবর) হাসপাতাল ছাড়ার সময় তাকে বিদায় জানাতে জড়ো হন কয়েক ডজন ভক্ত। এ সময় তারা ‘হোলিনেস’ ধ্বনি দিয়ে পোপকে শুভেচ্ছা জানান। মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে।

কালো রঙের একটি এসইউভিতে করে হাসপাতাল ছাড়ার সময় শারীরিক অবস্থা জানতে চাইলে ৭১ বছর বয়সী পোপ বলেন, ‘আমি এখন অনেক ভালো আছি, ধন্যবাদ।’

গাড়িতে ওঠার আগে নিজের সার্জন ডা. স্টেফানো মারগারিটোরার সঙ্গে হাসপাতালের রোগীদের সঙ্গে দেখা করেন পোপ লিও। বাইরে অপেক্ষমাণ ভক্তদের উদ্দেশেও হাত নাড়েন তিনি। এ সময় ক্যান্সার থেকে সুস্থ হয়ে ওঠা ১৩ বছর বয়সী এক ইউক্রেনীয় কিশোরী তাকে হাতে তৈরি একটি পোপের পুতুল উপহার দেয়। উপহারটি নিতে কিছুক্ষণের জন্য থামেন পোপ। ওই কিশোরী জানায়, গত ডিসেম্বরে সেন্ট পিটার্স স্কয়ারে পোপের সঙ্গে সংক্ষিপ্ত সাক্ষাৎ তাকে রোগের বিরুদ্ধে লড়াই করার শক্তি জুগিয়েছিল।

হাসপাতাল ছাড়ার মাত্র ১০ মিনিটের মধ্যে ভ্যাটিকানের প্রবেশদ্বারে পৌঁছান পোপ। ফুসফুসে গুটি শনাক্ত হওয়ার কথা সেন্ট পিটার্স স্কয়ারে প্রকাশ্যে জানানোর এক সপ্তাহ পর আগামী রোববার ঐতিহ্যবাহী ‘অ্যাঞ্জেলাস’ প্রার্থনার মাধ্যমে কিছু দায়িত্ব আবারও পালন শুরু করার কথা রয়েছে তার।

গত মঙ্গলবার অস্ত্রোপচারের মাধ্যমে পোপের ডান ফুসফুসের নিচের অংশ অপসারণ করা হয়। অস্ত্রোপচারের পর পরীক্ষায় তার ফুসফুসের সবচেয়ে সাধারণ ধরনের ক্যান্সার অ্যাডেনোকার্সিনোমা শনাক্ত হয়।

অস্ত্রোপচারের পর থেকেই দ্রুত সুস্থ হয়ে ওঠার লক্ষণ দেখাচ্ছেন পোপ লিও। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বলেছেন তিনি। পাশাপাশি জ্যেষ্ঠ সহযোগীদের সঙ্গে বৈঠক করেছেন এবং হাসপাতালের অস্থায়ী চ্যাপেলে প্রার্থনা সভার আয়োজন করেছেন। পোপের ব্যক্তিগত চিকিৎসক ও সার্জন জানিয়েছেন, তিনি অন্যের সহায়তা ছাড়াই নিজের স্বাভাবিক দৈনন্দিন কাজকর্ম করতে পারছেন।


শুক্রবার পোপের অস্ত্রোপচার-পরবর্তী প্রথম ছবি প্রকাশ করে ভ্যাটিকান। ছবিতে তাকে সবুজ ধর্মীয় পোশাকে চ্যাপেলের বেদির সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ভ্যাটিকানের মুখপাত্র মাত্তেও ব্রুনি জানান, পোপ নিজেই এককভাবে প্রার্থনা পরিচালনা করেছেন। এ ছাড়া চিকিৎসাকর্মী ও ভ্যাটিকানের নিরাপত্তার দায়িত্বে থাকা সদস্যদের মধ্যে রুটি বিতরণ করেছেন তিনি। সংক্ষিপ্ত বক্তব্যে অসুস্থদের সেবায় নিয়োজিত হাসপাতালকর্মীদের প্রতিও কৃতজ্ঞতা জানান পোপ।

প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, পোপের এক সপ্তাহ হাসপাতালে থাকার কথা ছিল। তবে চিকিৎসকদের সিদ্ধান্তে নির্ধারিত সময়ের আগেই তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়।

এদিকে ক্যান্সারের সুনির্দিষ্ট আণবিক ও জিনগত বৈশিষ্ট্য, ফুসফুসের অন্য অংশে রোগটি ছড়িয়ে পড়েছে কি না এবং পরবর্তী সময়ে আরও চিকিৎসার প্রয়োজন হবে কি না—এসব বিষয়ে নিশ্চিত হতে পরীক্ষার ফলাফলের অপেক্ষায় রয়েছেন চিকিৎসকেরা।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   ক্যান্সার  ভ্যাটিকান  পোপ লিও  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: