প্রকাশ: রোববার, ১৮ অক্টোবর, ২০২৬, ৬:৩৭ এএম
ছবি : সংগৃহীত দিনাজপুরে ২০ হাজার ২০০টি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ সোহেল রানা (৪২) ও তার স্ত্রী লাকি বেগমকে (৩৫) আটক করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল, ৪০ হাজার টাকা ও পাঁচটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
শনিবার সন্ধ্যায় দিনাজপুর শহরের ঢাকাইয়াপট্টি লাইনপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। পুলিশ জানায়, উদ্ধার করা ট্যাবলেটগুলোর আনুমানিক বাজারমূল্য ২০ লাখ টাকা। দুটি ব্যাগে এসব ট্যাবলেট রাখা ছিল।
আটক সোহেল রানা দিনাজপুর শহরের দক্ষিণ বলুবাড়ী লাইনপাড়া এলাকার আব্রুস সাত্তারের ছেলে। তার স্ত্রী লাকি বেগমও একই ঠিকানার বাসিন্দা।
শনিবার রাত ৯টার দিকে দিনাজপুর কোতোয়ালি থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আব্দুল হালিম। এ সময় কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুন্নবীসহ পুলিশের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অতিরিক্ত পুলিশ সুপার জানান, আটক দুজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।
সময়ের আলো/এসএকে