প্রকাশ: রোববার, ১৮ অক্টোবর, ২০২৬, ৬:৪৩ এএম
ছবি : সংগৃহীত রাঙামাটির বরকল উপজেলায় কাপ্তাই হ্রদ থেকে পেটে পাথর বাঁধা অবস্থায় মোহাম্মদ আরাফাত হোসেন নামে এক জেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিস। এ ঘটনায় শফিক নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার ( ১৭ অক্টোবর) বিকেলে উপজেলার শুভলং ইউনিয়নের কুরকুটিছড়ি এলাকার জলাশয় থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, গ্রেফতার শফিকের দেখানো স্থান থেকেই পাথর বাঁধা অবস্থায় আরাফাতের মরদেহ উদ্ধার করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আরাফাত দীর্ঘদিন ধরে শফিকের কেচকি জালে কাজ করতেন। গত ১৩ অক্টোবর তাদের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে আরাফাতকে মারধর করা হয় বলে অভিযোগ রয়েছে। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন।
অভিযোগ উঠেছে, আরাফাতের পেট কেটে পাথর বেঁধে তাকে হ্রদের পানিতে ডুবিয়ে দেওয়া হয়। তবে ঘটনার প্রকৃত কারণ ও হত্যাকাণ্ডে কারা জড়িত, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।
গোপন সংবাদের ভিত্তিতে লংগদু উপজেলার মহলছড়ি এলাকা থেকে অভিযুক্ত শফিককে গ্রেফতার করা হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
বরকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত শেষে ঘটনার বিস্তারিত জানা যাবে।
সময়ের আলো/এসএকে