প্রকাশ: রোববার, ১৮ অক্টোবর, ২০২৬, ১০:১৯ এএম আপডেট: ১৮.১০.২০২৬ ১০:৩২ এএম
সাংবাদিক লুৎফুজ্জামান ফকির ওরফে আলিফ হত্যা মূল সন্দেহভাজন অপূর্ব। ছবি : সংগ্রহীত নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান ফকির ওরফে আলিফ ফকির হত্যা মামলার অন্যতম প্রধান সন্দেহভাজন অপূর্বকে (২২) গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৭ অক্টোবর) দিবাগত রাত সোয়া ১২টার দিকে দুর্গাপুর বাজারের পুরোনো সিনেমা হলের পাশ থেকে তাকে গ্রেফতার করা হয়।
রোববার (১৮ অক্টোবর) সকালে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপূর্বর কাছ থেকে হত্যাকাণ্ড সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় সরাসরি পাঁচ থেকে ছয়জন জড়িত থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ। পাশাপাশি অর্থদাতা ও মদতদাতাদের শনাক্তের চেষ্টা চলছে।
পুলিশ জানায়, অপূর্বর বাবার নাম শমশের আলী। এর আগে নেত্রকোণায় এক পুলিশ সদস্য হত্যা মামলায় ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছিল সে।
গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সোয়া ৮টার দিকে দুর্গাপুর উপজেলার বিরিশিরি ইউনিয়নের তেলুনজিয়া গ্রামে শ্বশুরবাড়ির কাছের একটি দোকানের সামনে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন সাংবাদিক আলিফ। তিনি সাবেক সেনাসদস্য এবং ‘ডিটেকটিভ আর্টিকেল’ নামের একটি ফেসবুক পেজের কর্ণধার ছিলেন। তার শরীরে ছয়টি গুলির ক্ষত পাওয়া যায়।
এ ঘটনায় তার স্ত্রী আনন্দিতা সাংমা অজ্ঞাতপরিচয় সাত থেকে আটজনকে আসামি করে দুর্গাপুর থানায় হত্যা মামলা করেন। পিবিআই, সিআইডি ও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) সমন্বিত দল মামলাটির তদন্ত করছে। অন্য আসামিদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সময়ের আলো/জোই