প্রকাশ: রোববার, ১৮ অক্টোবর, ২০২৬, ১:১২ পিএম আপডেট: ১৮.১০.২০২৬ ১:১৪ পিএম
ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ছবি : সংগৃহীত দেশজুড়ে শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা’। ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে তিনটি গ্রুপে অনুষ্ঠিতব্য এ প্রতিযোগিতায় অংশ নিতে নভেম্বর মাসজুড়ে নিবন্ধন করা যাবে। আগামী ১ ডিসেম্বর থেকে উপজেলা পর্যায়ে প্রতিযোগিতা শুরু হবে। জাতীয় পর্যায়ে বিজয়ীদের জন্য থাকছে সর্বোচ্চ ২ লাখ টাকার পুরস্কার।
রোববার (১৮ অক্টোবর) ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা বিল্লাল বিন কাশেমের গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিএনপি সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের লক্ষ্যে সারা দেশে এই আয়োজন করা হচ্ছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, উপজেলা পর্যায় থেকে প্রতিযোগিতা শুরু হবে। উপজেলায় বিজয়ী প্রতিযোগী জেলা পর্যায়ে, জেলার বিজয়ী বিভাগীয় পর্যায়ে এবং বিভাগীয় পর্যায়ে বিজয়ী জাতীয় পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নেবে। ৩টি গ্রুপে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ‘ক’ গ্রুপে তাজবিদসহ ১০ পারা হিফজ (অনূর্ধ্ব ১২ বছর), ‘খ’ গ্রুপে তাজবিদসহ ২০ পারা হিফজ (অনূর্ধ্ব ১৫ বছর) ও ‘গ’ গ্রুপে তাজবিদসহ পূর্ণ ৩০ পারা হিফজ (অনূর্ধ্ব ১৮ বছর)।
জাতীয় পর্যায়ে বিজয়ীদের প্রথম পুরস্কার ২ লাখ টাকা, দ্বিতীয় পুরস্কার ১ লাখ ৫০ হাজার টাকা এবং তৃতীয় পুরস্কার ১ লাখ টাকা। প্রত্যেক বিজয়ীকে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হবে। জাতীয় পর্যায়ে তিনটি গ্রুপে ৯ জন বিজয়ীকে ১৩ লাখ ৫০ হাজার টাকা পুরস্কার প্রদান করা হবে। এ ছাড়া, বিভাগীয় ও জেলা পর্যায়েও রয়েছে বিভিন্ন পুরস্কার।
নিবন্ধন করবেন যেভাবে
দুই কপি পাসপোর্ট সাইজের ছবি, জন্মনিবন্ধন সনদ বা জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ সাদা কাগজে দরখাস্ত ইসলামিক ফাউন্ডেশনের স্ব স্ব জেলা বা উপজেলা কার্যালয়ে জমা দিয়ে নাম নিবন্ধন করতে হবে।
প্রতিযোগিতায় অংশগ্রহণেচ্ছুরা নভেম্বর মাসজুড়ে নিবন্ধন করতে পারবেন। ১ ডিসেম্বর থেকে শুরু হবে উপজেলা পর্যায়ের প্রতিযোগিতা। এপ্রিল মাসে জাতীয় পর্যায়ে চূড়ান্ত প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। একই শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রতিটি গ্রুপে অনধিক ৫ জন প্রতিযোগী অংশ নিতে পারবে।
সময়ের আলো/মহু