প্রকাশ: রোববার, ১৮ অক্টোবর, ২০২৬, ৩:২৭ পিএম
অবৈধ বালু উত্তোলন, ড্রেজার বন্ধ করল প্রশাসন। ছবি : সময়ের আলোবাগেরহাটের মোরেলগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে একটি ড্রিল ড্রেজার মেশিনের কার্যক্রম বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার পুটিখালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে অভিযান চালিয়ে ড্রেজারটি বন্ধ করেন সহকারী কমিশনার (ভূমি) আকতারুজ্জামান। এ সময় ড্রেজারের পাইপ ভেঙে দেওয়া হয় এবং মেশিনটি দ্রুত সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, পুটিখালী গ্রামের বাসিন্দা মো. ইলিয়াস খানের নিজ জমিতে প্রায় দুই মাস ধরে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করা হচ্ছিল। অভিযোগ রয়েছে, দৈবজ্ঞহাটী ইউনিয়নের বাসিন্দা ড্রেজার মালিক বেদার শেখ জমির মালিক ইলিয়াস খানের সহযোগিতায় এ কার্যক্রম চালিয়ে আসছিলেন। এর মাধ্যমে তারা বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিচ্ছিলেন বলেও অভিযোগ উঠেছে।
স্থানীয়দের অভিযোগ, এভাবে বালু উত্তোলনের ফলে পরিবেশের ক্ষতির পাশাপাশি সরকারি সড়ক ও আশপাশের কয়েকটি গ্রামের বসতবাড়ি ঝুঁকির মুখে পড়ছিল। ড্রেজার দিয়ে অপরিকল্পিতভাবে বালু উত্তোলন করলে মাটি ধসে পড়া, ফসলি জমির ক্ষতি এবং বসতবাড়ি ও সড়কের স্থিতিশীলতা নষ্ট হওয়ার আশঙ্কা থাকে।
শনিবার স্থানীয়রা বিষয়টি উপজেলা প্রশাসনকে জানালে দ্রুত ঘটনাস্থলে যান সহকারী কমিশনার (ভূমি) আকতারুজ্জামান। তিনি অভিযান চালিয়ে ড্রেজারটির কার্যক্রম বন্ধ করে দেন। এ সময় বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির মোরেলগঞ্জ শাখার সভাপতি ও প্রধান শিক্ষক মো. জাকির হোসেন মল্লিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অভিযানের বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) আকতারুজ্জামান জানান, অভিযানের সময় ড্রেজারের মালিককে ঘটনাস্থলে পাওয়া যায়নি। এ কারণে জমির মালিক ইলিয়াস খানকে কঠোরভাবে সতর্ক করা হয়েছে এবং ড্রেজারের পাইপ ভেঙে দেওয়া হয়েছে। পাশাপাশি ড্রেজারটি দ্রুত সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, ভবিষ্যতে পুনরায় ড্রেজারটি চালু করার চেষ্টা করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সময়ের আলো/জোই