প্রকাশ: রোববার, ১৮ অক্টোবর, ২০২৬, ৩:৩১ পিএম আপডেট: ১৮.১০.২০২৬ ৩:৩২ পিএম
প্রতীকী ছবি কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বাড়ির সামনে রাস্তা পারাপারের সময় মিশুকের চাপায় ইভা (৬) নামে শিশু নিহত হয়েছে।
রোববার (১৮অক্টোবর) দুপুরে পাকুন্দিয়া-কিশোরগঞ্জ সড়কে আলোর স্টোর বাজারসংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইভা উপজেলার সুখিয়া ইউনিয়নের কোষাকান্দা গ্রামের সোহেল মিয়ার মেয়ে।
ইভার চাচা রুবেল মিয়া বলেন, বাড়ির সামনে সড়ক পারাপারের সময় একটি মিশুকের চাপায় গুরুতর আহত হয় ইভা। পরে দ্রুত তাকে উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ইভার মৃত্যুতে তাদের পরিবারে শোক বইছে।
পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. তাওহীদ বলেন, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় তার মস্তিষ্কে গুরুতর আঘাত লাগে এবং নাক দিয়ে প্রচুর রক্তক্ষরণ হয়।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন দুর্ঘটনায় শিশু মারা যাওয়ার তথ্যটি নিশ্চিত করেছেন।
সময়ের আলো/এনএন