প্রকাশ: রোববার, ১৮ অক্টোবর, ২০২৬, ৩:৫০ পিএম আপডেট: ১৮.১০.২০২৬ ৪:১৫ পিএম
জেলার ৫৬৬টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে। ছবি : সময়ের আলো শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপন নিশ্চিত করতে কুড়িগ্রামের ৫৬৬টি পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৩। এ উপলক্ষ্যে পূজামণ্ডপ পরিদর্শন শেষে প্রেস ব্রিফিং করেছে সংস্থাটি।
রোববার (১৮ অক্টোবর) দুপুরে কুড়িগ্রাম শহরের সার্বজনীন কালীবাড়ী কেন্দ্রীয় মন্দিরসহ কয়েকটি পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এসআরবি-১৩, রংপুরের উপ-অধিনায়ক মেজর সাইফুল ইসলাম।
প্রেস ব্রিফিংয়ে তিনি জানান, দুর্গাপূজা উপলক্ষ্যে জেলার ৫৬৬টি মন্দির ও পূজামণ্ডপে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার করা হয়েছে। যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় পর্যাপ্তসংখ্যক এসআরবি সদস্য মোতায়েন রাখা হয়েছে।
তিনি আরও জানান, এসআরবি-১৩, রংপুরের কন্ট্রোল রুমের মাধ্যমে স্থানীয় পূজা উদ্যাপন কমিটি, জনপ্রতিনিধি ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সার্বক্ষণিক সমন্বয় বজায় রাখা হচ্ছে।
এ সময় তিনি গুজব ও যাচাইবিহীন তথ্য প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানান। পাশাপাশি, সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো উসকানিমূলক বা বিভ্রান্তিকর তথ্য দেখলে তা যাচাই না করে শেয়ার না করার অনুরোধ করেন।
মেজর সাইফুল ইসলাম বলেন, ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রেখে সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে, যাতে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদ্যাপন করা সম্ভব হয়।
প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সফি খান, জেলা পূজা উদ্যাপন কমিটির সভাপতি দুলাল চন্দ্র রায়সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা।
প্রেস ব্রিফিং শেষে এসআরবি-১৩-এর সদস্যরা জেলার বিভিন্ন উপজেলার পূজামণ্ডপ পরিদর্শনের উদ্দেশ্যে রওনা হন।
সময়ের আলো/এনএন