প্রকাশ: রোববার, ১৮ অক্টোবর, ২০২৬, ৪:৫৩ পিএম
অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মহিদুল ইসলামের আদালতে আত্মসমর্পণ করেন বগা। ছবি : সংগৃহীতসিএমপির তালিকাভুক্ত সন্ত্রাসী, কিশোর গ্যাং লিডার, স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা ওয়াকিল হোসেন ওরফে বগা আদালতে আত্মসমর্পণের পর কারাগারে পাঠিয়েছেন আদালত।
রোববার (১৮ অক্টোবর) চট্টগ্রামের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মহিদুল ইসলামের আদালতে আত্মসমর্পণ করেন বগা। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। খুলশী থানার একটি মামলায় আত্মসমর্পণের পর জামিন আবেদন করেন বগা। নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। তাঁর বিরুদ্ধে চাঁদাবাজি, মাদক, জমি দখল ও বিস্ফোরকসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা আছে।
সিএমপির (প্রসিকিউশন) হাসান ইকবাল চৌধুরী বলেন, রোববার চাঁদাবাজির মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেছিলেন ওয়াকিল হোসেন বগা। শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। এরপর তাকে চট্টগ্রাম কারাগারে পাঠানো হয়েছে।
দলীয় সূত্র ও পুলিশ জানায়, ওয়াকিল হোসেন বগা চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক। শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড ও এলাকায় আধিপত্য বিস্তারের অভিযোগে গত ৮ জুন তাকে বহিষ্কার করা হয়। তার বিরুদ্ধে খুলশী, পাহাড়তলী ও আকবর শাহ থানায় সব মিলে ১৭টি মামলা আছে। গত ৪ সেপ্টেম্বর বগাকে গ্রেফতার করতে খুলশীর ওয়্যারলেস মোড় ও পাহাড়তলী এলাকায় অভিযান চালায় পুলিশ। পুলিশের অভিযোগ, ওই সময় বগার অনুসারীরা ইটপাটকেল ও ককটেলসদৃশ বস্তু নিক্ষেপ করে হামলা চালায়। এতে খুলশী থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ কয়েকজন পুলিশ সদস্য আহত হন। পুলিশের একটি গাড়ি ভাঙচুর করা হয়। পরে বগার বাসায় তল্লাশি চালিয়ে একটি গোপন সুড়ঙ্গের সন্ধান পায় পুলিশ। ওই সুড়ঙ্গ দিয়ে বগা পালিয়ে যান বলে পুলিশের ধারণা। এ ঘটনায় বগা ও তার সহযোগীদের বিরুদ্ধে মামলা করা হয়।
গত ৬ অক্টোবর রাতে টাইগার পাস এলাকায় চট্টগ্রাম সিটি করপোরেশন ভবনে বগাকে গ্রেফতার করতে পুলিশের একটি টিম অবস্থান নেয়। অভিযোগ আছে, মেয়র শাহাদাত হোসেনের বাধায় পুলিশ বগাকে ধরতে পারেনি। তবে মেয়র ওই অভিযোগ অস্বীকার করেন এবং বগা সেদিন নগরভবনে যাননি বলে দাবি করেন। এছাড়াও বগাকে জুলাই যোদ্ধা দাবি করে মেয়র বলেন,ফ্যাসিবাদী আমলে তার বিরুদ্ধে অনেক মামলা দেওয়া হয়েছিল। বগাকে গ্রেফতার অভিযানে নেতৃত্ব দেওয়া খুলশি থানার ওসিকে ইতোমধ্যে বদলি করা হয়েছে।
সময়ের আলো/এনএন