প্রকাশ: রোববার, ১৮ অক্টোবর, ২০২৬, ৫:৩৯ পিএম
সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন খুলনার অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল নিস্তার আহমেদ। ছবি : সময়ের আলোঅপরাধ করে পার পাওয়ার কোনো সুযোগ এ দেশে নেই। আইন অনুযায়ী অপরাধীর বিচার হবেই হবে বলে মন্তব্য করেছেন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৬ (এসআরবি-৬) খুলনার অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল নিস্তার আহমেদ। রোববার (১৮ অক্টোবর) সকালে ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় কালী মন্দির পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখতে আজ সকালে ঝিনাইদহে পৌঁছান তিনি। পূজা উৎসবস্থল পরিদর্শনকালে মণ্ডপের নিরাপত্তা-ব্যবস্থা ও স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
পরবর্তীকালে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে খুলনা বিভাগের পূজামণ্ডপগুলোর নিরাপত্তার বিবরণ তুলে ধরে লেফটেন্যান্ট কর্নেল নিস্তার আহমেদ বলেন, খুলনা বিভাগের প্রতিটি পূজামণ্ডপে কঠোর নিরাপত্তা-ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গোয়েন্দা নজরদারির পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বাড়ানো হয়েছে।
তিনি আরও জানান, নিরাপত্তা বলয় জোরদার করার পাশাপাশি সীমান্তবর্তী এলাকার পূজামণ্ডপগুলোতে বাড়তি সতর্কতা ও নজরদারি নিশ্চিত করা হয়েছে, যাতে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটতে না পারে।
এসময় তার সাথে ঝিনাইদহ এসআরবি কর্মকর্তাবৃন্দ ও পূজা মন্দিরের সনাতনী সম্প্রদায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সময়ের আলো/এনএন