প্রকাশ: রোববার, ১৮ অক্টোবর, ২০২৬, ৫:৫০ পিএম
দুই শিশুর মৃত্যুতে স্বজনদের আহাজারি। ছবি : সময়ের আলোচাঁদপুরের কচুয়ায় পুকুরের পানিতে ডুবে সাদিয়া (১০) ও সামিরা (৮) নামে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (১৮ অক্টোবর) দুপুর একটার দিকে উপজেলার ৬ নং উত্তর কচুয়া ইউনিয়নের উজানী গ্রামের সিকদার বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত দুই শিশুর পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
নিহত সাদিয়া উজানী গ্রামের রহিম হোসেনের মেয়ে। অপর শিশু সামিরা চট্টগ্রাম থেকে পূজার ছুটিতে দাদার বাড়িতে বেড়াতে এসেছিল। সে বিল্লাল হোসেনের মেয়ে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, রোববার দুপুর ১টার দিকে শিশু দুটি বাড়ির উঠানে খেলাধুলা করছিল। এ সময় পরিবারের সদস্যদের অগোচরে তারা বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে যায়। কিছুক্ষণ পর তাদের দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন।
একপর্যায়ে পুকুরের পানিতে শিশু দুটিকে ভাসতে দেখে স্বজনরা দ্রুত উদ্ধার করেন। পরে তাদের কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. জহিরুল ইসলাম পরীক্ষা-নিরীক্ষা শেষে দুজনকেই মৃত ঘোষণা করেন।
দুই শিশুর এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের আবহ বিরাজ করছে। আনন্দের ছুটিতে বেড়াতে এসে দুই শিশুর এমন করুণ পরিণতি মেনে নিতে পারছেন না স্বজনরা।
কচুয়া থানার (ওসি) মো. আজিজুল ইসলাম আকাশ বলেন, পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
সময়ের আলো/এনএন