প্রকাশ: রোববার, ১৮ অক্টোবর, ২০২৬, ৬:৪৪ পিএম
ছবি : সংগৃহীতশারদীয় দুর্গোৎসব উপলক্ষে রাজশাহীতে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার শ্রী মনোজ কুমার নাটোরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন। রোববার (১৮ অক্টোবর) দুপুরে শহরের শ্রী শ্রী বৃন্দাবন বিহারী জিউ আখড়া পূজামণ্ডপসহ শহরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি।
পরিদর্শনকালে পূজামণ্ডপগুলোর সাজসজ্জা, উৎসবের পরিবেশ এবং বিভিন্ন আয়োজন ঘুরে দেখেন সহকারী হাইকমিশনার। এ সময় তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি ও উৎসবের সার্বিক ব্যবস্থাপনায় সন্তুষ্টি প্রকাশ করেন।
মনোজ কুমার বলেন, নাটোরের মানুষের মধ্যে দুর্গাপূজাকে ঘিরে আনন্দ উৎসাহ ও উদ্দীপনা বিরাজ করছে। হুইপ নিজে ঘুরে ঘুরে পূজামণ্ডপ পরিদর্শন করছেন এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে কমিটি গঠন করে দিয়েছেন তিনি।
দুর্গোৎসব নির্বিঘ্নে ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন করতে সবার সহযোগিতা কামনা করে জাতীয় সংসদের হুইপ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, সুষ্ঠু, সুন্দর ও উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপনে সার্বিক সহযোগিতা করা হচ্ছে। স্থানীয় আইন-শৃঙ্খলাবাহিনীকে এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। এ ছাড়া শান্তি-শৃঙ্খলা যাতে বিঘ্নিত না হয় এজন্য কমিটি গঠন করে দেওয়া হয়েছে।
সময়ের আলো/আতা