মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী

সময়ের আলো ডেস্ক

জাতীয়

অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে নেমে বিতর্কের মুখে পড়া মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।রোববার

2026-10-18T22:15:26+00:00
2026-10-18T22:36:56+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
জাতীয়
মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ১৮ অক্টোবর, ২০২৬, ১০:১৫ পিএম  আপডেট: ১৮.১০.২০২৬ ১০:৩৬ পিএম
মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। ছবি : সংগৃহীত
অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে নেমে বিতর্কের মুখে পড়া মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

রোববার (১৮ অক্টোবর) বিকেলে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে ডেকে নিয়ে তাকে এ নির্দেশ দেন প্রধানমন্ত্রী। সরকারসংশ্লিষ্ট একাধিক উচ্চপর্যায়ের সূত্র এ তথ্য জানিয়েছে। তবে রাত পর্যন্ত এ বিষয়ে সরকারের দায়িত্বশীল কারও আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

শনিবার রাজধানীর গেন্ডারিয়ায় আগ্নেয়াস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে নামেন ইশরাক। তার সঙ্গে থাকা ব্যক্তিদের হাতেও অস্ত্র দেখা যায়। অভিযানের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা শুরু হয়। এতে বিএনপি ও সরকারের ভেতরেও অস্বস্তি তৈরি হয়।

ভিডিওতে দেখা যায়, গাড়ি থেকে নেমে অস্ত্র উঁচিয়ে চিৎকার করে বলছেন, ‘এই ধর ধর ধর...।’ পাশ থেকে একজনকে বলতে শোনা যায়, ‘একেবারে গুলি করে দেব।’ এ সময় প্রতিমন্ত্রীর সঙ্গে থাকা দেহরক্ষীরা কয়েকজনকে ধরতে দৌড়ান। পরে আটক ব্যক্তিদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়।


রোববার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া বিবৃতিতে ইশরাক দাবি করেন, সম্ভাব্য হামলার আশঙ্কায় আত্মরক্ষার জন্য তিনি অস্ত্র উঁচিয়ে ধরেছিলেন। তার অস্ত্রটি বৈধ ও লাইসেন্সপ্রাপ্ত বলেও জানান তিনি। অভিযানে চার-পাঁচটি অস্থায়ী মাদকের আস্তানা উচ্ছেদ, মাদকদ্রব্য, অস্ত্র, নগদ অর্থ ও ছিনতাই করা মুঠোফোন জব্দ এবং ছয়জনকে আটক করার দাবি করেন প্রতিমন্ত্রী।

তবে অভিযানের আগে পুলিশের সঙ্গে সমন্বয় না করার অভিযোগ রয়েছে। ওয়ারী বিভাগের অতিরিক্ত উপকমিশনার মাসুদ রানা জানিয়েছিলেন, প্রতিমন্ত্রী আগে থেকে পুলিশকে বিষয়টি জানাননি।

ইশরাকের অস্ত্র প্রদর্শনের ঘটনা তদন্ত করছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। রোববার গোয়েন্দা বিভাগের প্রধান শফিকুল ইসলাম জানান, আইন লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে বিতর্কিত কর্মকাণ্ডে ঘনিষ্ঠ ব্যক্তিদের নাম জড়ানোর পর গত ১ অক্টোবর সংসদ সদস্য পদ ছাড়েন ফেরদৌসী আহমেদ মিষ্টি। তার পদত্যাগের আড়াই সপ্তাহের মধ্যে এবার ইশরাককে মন্ত্রিসভা ছাড়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী।


সূত্র : প্রথম আলো


সময়ের আলো/এমকে
  বিষয়:   মন্ত্রিসভা  ইশরাক  পদত্যাগ  নির্দেশ  প্রধানমন্ত্রী 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: