প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ৯:১৫ এএম
মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তায় আরও ধস নেমেছে। ছবি : সংগৃহীতমধ্যবর্তী নির্বাচন সামনে রেখে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তায় আরও ধস নেমেছে। তার কর্মকাণ্ডে অসন্তুষ্ট ৬৬ শতাংশ মার্কিনি। একই সঙ্গে দেশের ৭১ শতাংশ প্রাপ্তবয়স্ক নাগরিক মনে করেন, যুক্তরাষ্ট্র ভুল পথে এগোচ্ছে। জনমতের এই চিত্র আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।
শনিবার (১৭ অক্টোবর) প্রকাশিত এনবিসি নিউজের এক জনমত জরিপে এসব তথ্য উঠে এসেছে। খবর আনাদোলু এজেন্সির।
জরিপ অনুযায়ী, ট্রাম্পের কার্যক্রমে সমর্থন জানিয়েছেন মাত্র ৩৪ শতাংশ উত্তরদাতা। বিপরীতে, ৬৬ শতাংশ তাঁর প্রতি অসন্তোষ প্রকাশ করেছেন। তাঁদের মধ্যে ৫১ শতাংশ জানিয়েছেন তীব্র অসন্তোষ, যা ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে সর্বোচ্চ।
অর্থনীতি ও জীবনযাত্রার ব্যয় নিয়ে উদ্বেগ ট্রাম্পের জনপ্রিয়তা কমার অন্যতম কারণ। জরিপে ৩১ শতাংশ উত্তরদাতা অর্থনীতিকে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সমস্যা হিসেবে চিহ্নিত করেছেন। গত এক বছরে নিজেদের আর্থিক অবস্থার অবনতি হয়েছে বলে জানিয়েছেন ৪৪ শতাংশ।
এ ছাড়া ৬৭ শতাংশ উত্তরদাতা পেট্রলের দামকে গুরুতর সমস্যা হিসেবে দেখছেন। নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাড়তি খরচ সামলাতে অনেকে কেনাকাটার তালিকা পরিবর্তন করেছেন এবং অন্যান্য খাতে ব্যয় কমিয়েছেন।
মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের নিয়ন্ত্রণ নিয়েও পিছিয়ে রয়েছে রিপাবলিকানরা। নিবন্ধিত ভোটারদের মধ্যে ৫৫ শতাংশ ডেমোক্র্যাটদের কংগ্রেসের নিয়ন্ত্রণে দেখতে চান। রিপাবলিকানদের পক্ষে রয়েছেন ৪৫ শতাংশ।
ট্রাম্পের নীতির প্রভাব নিয়ে ৫৮ শতাংশ উত্তরদাতা মনে করেন, এসব নীতি দেশের ক্ষতি করছে। বিপরীতে, ২৮ শতাংশ মনে করেন, তাঁর নীতি দেশের উপকার করছে।
জীবনযাত্রার ব্যয় নিয়ন্ত্রণে ট্রাম্পের প্রতি সমর্থন জানিয়েছেন মাত্র ২৭ শতাংশ উত্তরদাতা। ইরানের সঙ্গে যুদ্ধ পরিচালনায় সমর্থন ২৯ শতাংশ। তবে অভিবাসন ও সীমান্ত নিরাপত্তা নিয়ে তাঁর পদক্ষেপের প্রতি সমর্থন রয়েছে ৪৩ শতাংশের।
সূত্র : আনাদোলু এজেন্সি
সময়ের আলো/এমকে