হিজলায় মা ইলিশ রক্ষা অভিযান, ১১ দিনে ৮৭ জেলে আটক

হিজলা (বরিশাল) প্রতিনিধি

সারাদেশ

বরিশালের হিজলায় মা ইলিশ সংরক্ষণে মেঘনা নদী ও এর শাখা নদীগুলোতে নৌ পুলিশের বিশেষ অভিযান চলছে। নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ

2026-10-19T12:25:34+00:00
2026-10-19T12:25:34+00:00
 
  সোমবার, ১৯ অক্টোবর ২০২৬,
৩ কার্তিক ১৪৩৩
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
সারাদেশ
হিজলায় মা ইলিশ রক্ষা অভিযান, ১১ দিনে ৮৭ জেলে আটক
হিজলা (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ১২:২৫ পিএম 
মা ইলিশ রক্ষা অভিযান, ১১ দিনে ৮৭ জেলে আটক। ছবি : সময়ের আলো
বরিশালের হিজলায় মা ইলিশ সংরক্ষণে মেঘনা নদী ও এর শাখা নদীগুলোতে নৌ পুলিশের বিশেষ অভিযান চলছে। নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের অভিযোগে গত ১১ দিনে ৮৭ জেলেকে আটক করা হয়েছে। এ সময় ৬৪টি নিয়মিত মামলা দায়ের, ৮০ লাখ ৮৬ হাজার ৯০০ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস এবং ২৪৭ কেজি মাছ উদ্ধার করা হয়েছে। পাশাপাশি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১১ জেলেকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

রোববার (১৮ অক্টোবর) হিজলা নৌ পুলিশ ফাঁড়ির পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়।

নৌ পুলিশ সূত্রে জানা গেছে, সরকার ঘোষিত ২২ দিনের মা ইলিশ সংরক্ষণ অভিযান সফল করতে গত ৮ অক্টোবর থেকে হিজলার মেঘনা নদী ও এর শাখা নদীগুলোতে দিন-রাত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।


নৌ পুলিশ বরিশাল অঞ্চলের পুলিশ সুপার এস এম নাজমুল হকের সার্বিক তত্ত্বাবধানে সিনিয়র সহকারী পুলিশ সুপার ইমরান হোসেন মোল্লা, পিপিএম এবং হিজলা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. ইয়াছিনুল হকের নেতৃত্বে পুলিশের একাধিক দল এ অভিযান পরিচালনা করছে।

অভিযানের আওতায় রয়েছে মেঘনা নদীর অন্তর্বাম, চরকিল্লা, হরিনাথপুর, আবুপুর, ধুলখোলা, বাউশিয়া ও কাইসমাসহ বিভিন্ন নদী এলাকা।

নৌ পুলিশ জানায়, নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধ কারেন্ট জাল দিয়ে মা ইলিশ শিকারের সময় ৮৭ জেলেকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে ৬৪টি নিয়মিত মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। অভিযানে জব্দ করা অবৈধ কারেন্ট জাল বিধি অনুযায়ী ধ্বংস করা হয়েছে। এ ছাড়া উদ্ধার করা ২৪৭ কেজি মাছ স্থানীয় এতিমখানা এবং অসহায় ও দরিদ্র মানুষের মধ্যে বিতরণ করা হয়।

অন্যদিকে, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১১ জেলেকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। অভিযানের সময় ১৩ জন অপ্রাপ্তবয়স্ক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়। পরে তাঁদের অভিভাবকদের ডেকে সতর্ক করে মুচলেকা নেওয়ার পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


গভীর রাতে অভিযানে নৌ পুলিশের ওপর হামলার চেষ্টা
মা ইলিশ সংরক্ষণে অভিযান চালাতে গিয়ে নৌ পুলিশকে নানা প্রতিকূলতার মুখোমুখি হতে হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

নৌ পুলিশের দাবি, নিষেধাজ্ঞা অমান্য করে একশ্রেণির জেলে গভীর রাতে উত্তাল মেঘনা নদীতে ইলিশ শিকারে নামছেন। তাঁদের আটক করতে গেলে অনেক সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হচ্ছে। এমনকি লাঠিসোঁটা নিয়ে হামলার চেষ্টার ঘটনাও ঘটছে।

এমন ঝুঁকিপূর্ণ পরিস্থিতির মধ্যেও মা ইলিশ রক্ষায় অভিযান অব্যাহত রেখেছে নৌ পুলিশ।

হিজলা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. ইয়াছিনুল হক বলেন, মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে সরকারি নির্দেশনা বাস্তবায়নে নৌ পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে মাছ শিকারের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

মা ইলিশ সংরক্ষণ অভিযান সফল করতে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, জেলে সম্প্রদায়সহ সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছে নৌ পুলিশ।

সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, প্রজনন মৌসুমে মা ইলিশের সুরক্ষা নিশ্চিত করা গেলে দেশে ইলিশের উৎপাদন বাড়বে। এতে দেশের মৎস্যসম্পদ সমৃদ্ধ হওয়ার পাশাপাশি দীর্ঘ মেয়াদে জেলেদের আর্থিকভাবে লাভবান হওয়ার সুযোগ তৈরি হবে।

সময়ের আলো/জোই
  বিষয়:   হিজলা  মা ইলিশ  রক্ষা অভিযান  জেলে আটক  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: