প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ১:৪৫ পিএম আপডেট: ১৯.১০.২০২৬ ১:৫২ পিএম
প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের সমর্থকেরা মিছিল নিয়ে প্রেসক্লাবে স্লোগান দিচ্ছেন, ‘ইশরাক ভাইয়ের ভ.য় নাই, রাজপথ ছাড়ি নাই’। ছবি : সংগৃহীত সংবাদ সম্মেলন ও পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দিতে জাতীয় প্রেসক্লাবে যাওয়ার কথা রয়েছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের। এদিকে তার সমর্থকেরা মিছিল নিয়ে প্রেস ক্লাবে জড়ো হচ্ছেন। তারা স্লোগান দিচ্ছেন, ‘ইশরাক ভাইয়ের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই।’
আজ সোমবার (১৯ অক্টোবর) দুপুর ২টায় জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন বলে জানিয়েছেন ইশরাক হোসেন।
সোমবার সকালে নিজের ফেসবুক পোস্টে তিনি বলেন, আজ দুপুর ২টায় জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব এবং সাংবাদিকদের মুখোমুখি হবো, ইনশাআল্লাহ।
পোস্টে তিনি আরও বলেন, ফেসবুকে কিছু সুশীল মানুষকে উল্লাসসূচক লেখালেখি করতে দেখেছি। আশা করি, ভবিষ্যতে কখনো আন্দোলন-সংগ্রামের প্রয়োজন হলে তারা জাতীয়তাবাদী আদর্শে অনুপ্রাণিত হয়ে বিদেশ থেকে দেশে এসে সেই আন্দোলনে যোগ দেবেন।
ইশরাক বলেন, এবার সংসদ সদস্য বা প্রতিমন্ত্রী হিসেবে নয়, একজন বিএনপি কর্মী হিসেবে মাদকের বিরুদ্ধে শতগুণ বেশি উদ্দীপনা নিয়ে কাজ করব, ইনশাআল্লাহ। পরিচ্ছন্নতা কর্মসূচি আরও জোরদার হবে। দেশব্যাপী প্রজন্ম দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন জেলা সফর করতে পারব। মন্ত্রী নয়, মাদক নির্মূল! মাদক নির্মূল, মাদক নির্মূল!
এর আগে রোববার বিকেলে অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে নেমে বিতর্কের মুখে পড়েন ইশরাক। পরে তাঁকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান বলে সরকারসংশ্লিষ্ট একাধিক উচ্চপর্যায়ের সূত্র জানিয়েছে।
তবে রোববার রাতে এ বিষয়ে ইশরাক বলেন, ‘আমি সবাইকে অনুরোধ জানাচ্ছি, এ বিষয়টিকে আমরা অবশ্যই গুজব হিসেবে ধরবেন। এর কোনো সত্যতা এখন পর্যন্ত নেই। এরকম যদি কোনো সিদ্ধান্ত আমরা দল থেকে নিই, তাহলে আপনাদের জানানো হবে।’
সময়ের আলো/এমকে