গোদাগাড়ীতে মাহফিলের অনুমতি না পেয়ে ক্ষুব্ধ আমির হামজা

গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি

সারাদেশ

রাজশাহীর গোদাগাড়ীতে তাফসির মাহফিলের অনুমতি না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য ও ইসলামী বক্তা মুফতি আমির হামজা।

2026-10-19T14:50:39+00:00
2026-10-19T14:51:30+00:00
 
  সোমবার, ১৯ অক্টোবর ২০২৬,
৩ কার্তিক ১৪৩৩
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
সারাদেশ
গোদাগাড়ীতে মাহফিলের অনুমতি না পেয়ে ক্ষুব্ধ আমির হামজা
গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ২:৫০ পিএম  আপডেট: ১৯.১০.২০২৬ ২:৫১ পিএম
ইসলামী বক্তা মুফতি আমির হামজা। ছবি : সময়ের আলো
রাজশাহীর গোদাগাড়ীতে তাফসির মাহফিলের অনুমতি না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য ও ইসলামী বক্তা মুফতি আমির হামজা। এ ঘটনায় প্রশাসনের সিদ্ধান্তের কারণ জানতে চেয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি। একই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছেন রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের সংসদ সদস্য ও জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান।

সোমবার (১৯ অক্টোবর) গোদাগাড়ী মহিলা ডিগ্রি কলেজ মাঠে মানবকল্যাণ পরিষদের উদ্যোগে এ তাফসির মাহফিল হওয়ার কথা ছিল। এতে প্রধান আলোচক হিসেবে আমির হামজার উপস্থিত থাকার কথা ছিল। মাহফিল উপলক্ষে এলাকায় পোস্টার লাগানো মাইকিং ও প্যান্ডেল নির্মাণের কাজও চলছিল। তবে অনুমতি না পাওয়ায় শেষ পর্যন্ত আয়োজনটি বাতিল করেন আয়োজকেরা।

রোববার (১৮ অক্টোবর) রাতে নিজের ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে আমির হামজা বলেন, রাজশাহীতে তার তাফসির মাহফিলের অনুমতি না দেওয়ার ঘটনায় তিনি গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করছেন। প্রশাসনের কাছে তিনি জানতে চান, কোন আইনি ও সুনির্দিষ্ট কারণে মাহফিলের অনুমতি প্রত্যাখ্যান করা হয়েছে।

নিরাপত্তা নিয়ে বাস্তব কোনো উদ্বেগ থাকলে তা স্পষ্টভাবে ব্যাখ্যা করার আহ্বান জানিয়ে তিনি বলেন, অস্পষ্ট অভিযোগ বা অজুহাতে ধর্মীয় সমাবেশের অধিকার সীমিত করা হলে সিদ্ধান্তের স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি।

স্ট্যাটাসে আমির হামজা আরও উল্লেখ করেন, শেখ হাসিনার সরকারের সময়ও ধর্মীয় বক্তাদের বক্তব্য ও মাহফিল ঘিরে বাধা ও বিধিনিষেধের অভিযোগ উঠেছিল। রাজনৈতিক পরিবর্তনের পর মতপ্রকাশের স্বাধীনতা, ধর্মীয় অধিকার এবং প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণে আরও স্বচ্ছ ও ন্যায়সংগত পরিবেশ প্রতিষ্ঠিত হবে বলে তারা আশা করেছিলেন। কিন্তু এ ঘটনা প্রশাসনের সিদ্ধান্ত গ্রহণের পদ্ধতিতে আদৌ পরিবর্তন এসেছে কি না, সেই প্রশ্ন সামনে এনেছে বলে তিনি মন্তব্য করেন।

এদিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভিডিও বার্তার মাধ্যমে মাহফিলের অনুমতি না দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদ জানান সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান। তিনি অভিযোগ করেন, তাফসির মাহফিল বন্ধের সিদ্ধান্তের মধ্য দিয়ে বর্তমান সরকার বিগত আওয়ামী লীগ সরকারের মতো আচরণ করছে।

কোরআনের মাহফিল বন্ধের প্রবণতা অব্যাহত থাকলে সরকারকে এর পরিণতি ভোগ করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

মানবকল্যাণ পরিষদের সভাপতি ইসমাইল হক বলেন, মাহফিলের অনুমতি চেয়ে গত ১৩ অক্টোবর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহানের কাছে আবেদন করেছিলেন তারা। ১৭ অক্টোবর আবার দাওয়াত দিতে গেলে ইউএনও তাকে জানান, তার কাছে কোনো আবেদন নেই। এ ছাড়া অল্প সময়ের মধ্যে অনুমতি দেওয়াও সম্ভব নয় বলে জানানো হয়। এরপর তারা মাহফিলের আয়োজন বন্ধ করে দেন।

ইউএনও ইসরাত জাহান বলেন, মাহফিলের অনুমতি জেলা প্রশাসন থেকে নিতে হয়। আয়োজকেরা জেলা প্রশাসনের কাছে যাননি। পরে তিনি নিজেই বিষয়টি জেলা প্রশাসনকে জানিয়েছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে জেলা থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে। তবে মাহফিলের অনুমতি দেওয়া হবে কি না, তা তিনি জানেন না।

অন্যদিকে রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম বলেন, মাহফিলের অনুমতি চেয়ে আয়োজক কমিটির পক্ষ থেকে তার কাছে কোনো আবেদন করা হয়নি। আবেদন না করলে অনুমতি দেওয়ার প্রশ্নও আসে না। বিষয়টি আয়োজক কমিটির সঙ্গে কথা বলে নিশ্চিত হওয়ার পরামর্শ দেন তিনি।

ইসমাইল হক বলেন, ইউএনও যখন জেলা প্রশাসনের কাছে গিয়ে অনুমতি নেওয়ার কথা জানান, তখন মাহফিলের আর বেশি সময় বাকি ছিল না। এ কারণে তারা আর জেলা প্রশাসনের কাছে আবেদন করেননি।

আয়োজকদের দাবি, তারা উপজেলা প্রশাসনের কাছে আবেদন করেছিলেন। তবে জেলা প্রশাসক জানিয়েছেন, তার দফতরে এ ধরনের কোনো আবেদন জমা পড়েনি। ফলে অনুমতির আবেদন কোন পর্যায়ে ছিল এবং মাহফিলের অনুমতি না দেওয়ার পেছনে নির্দিষ্ট কী কারণ ছিল, তা নিয়ে প্রশ্ন রয়ে গেছে।

সময়ের আলো/জোই

  বিষয়:   গোদাগাড়ী  তাফসির মাহফিল  অনুমতি  ক্ষুব্ধ  আমির হামজা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: