প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ৬:৪১ পিএম
ছবি : সংগৃহীতপ্রথমবারের মতো ফিফার আয়োজনে বৈশ্বিক অ-১৫ ফুটবল ফেস্টিভ্যালে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ। আজারবাইজানে অনুষ্ঠিতব্য এই প্রতিযোগিতায় গ্রুপসেরা হওয়ার লক্ষ্য নিয়েই মাঠে নামতে চায় বাংলাদেশ দল। অধিনায়ক ফাহিম হাসানের প্রত্যাশা, ওয়েলস ও পর্তুগালের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষেও লড়াই করবে তারা।
ফিফার এই আয়োজনে অংশ নিচ্ছে ১৯১টি দেশ। দলগুলোকে ভাগ করা হয়েছে ৩২টি গ্রুপে। বাংলাদেশের গ্রুপ ‘সি’-তে রয়েছে ওয়েলস, পর্তুগাল, বুরুন্ডি, ইন্দোনেশিয়া ও ফিজি। প্রতিটি গ্রুপের চ্যাম্পিয়ন দল উঠবে নকআউট পর্বে। গ্রুপসেরা হতে না পারা দলগুলো খেলবে প্লেট পর্যায়ে।
বিশ্বকাপে নিজেদের লক্ষ্য জানিয়ে অধিনায়ক ফাহিম হাসান বলেন, ‘আমাদের প্রথম লক্ষ্য গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া। গ্রুপে সেরা হওয়ার জন্যই লড়ব।’
ওয়েলস ও পর্তুগালের মতো দলের উপস্থিতি নিয়ে উদ্বিগ্ন নন ফাহিম। তিনি বলেন, ‘আমাদের প্রস্তুতি ভালোই হয়েছে। আমরা তাদের বিপক্ষে লড়াই করব।’
এই ফেস্টিভ্যালে প্রতিটি ম্যাচ হবে ২০ মিনিট করে দুই অর্ধে। প্রতি দলে খেলবেন আটজন করে ফুটবলার। আগামী ২৫ ও ২৬ অক্টোবর প্রতিদিন দুটি করে ম্যাচ খেলতে হবে দলগুলোকে।
ব্যস্ত সূচি মাথায় রেখেই প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ। দলের কোচ আকবর হোসেন রিদন বলেন, ‘এক দিনে দুটি খেলা থাকবে, সেটা আমাদের জানা ছিল। সেই অনুযায়ী প্রস্তুতি নিয়েছি। প্রায় তিন মাস দলের অনুশীলন হয়েছে।’
জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকও বিশ্বকাপে অংশ নিতে যাওয়া খেলোয়াড়দের উৎসাহ দিয়েছেন। বাফুফে ভবনে দলের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, ‘এই ভবন ও ফুটবল আমার অস্তিত্ব। তোমাদের মতো আমিও এরকম চেয়ারে বসতাম। তোমরাই সামনে জাতীয় দলে খেলবে। ওয়েলস, পর্তুগালের মতো দলের সঙ্গে খেলার সুযোগ পাওয়া অনেক বড় ব্যাপার।’
এ সময় অধিনায়ক ফাহিম দলের খেলোয়াড়দের জন্য ভালো মানের বুটের অনুরোধ জানান। প্রতিমন্ত্রী দলের সব খেলোয়াড়কে বুট এবং দুই গোলরক্ষককে ভালো মানের গ্লাভস উপহার দেওয়ার ঘোষণা দেন। বিশ্বকাপে ভালো ফল করলে ভবিষ্যতে আরও সহায়তার আশ্বাসও দিয়েছেন তিনি।
সময়ের আলো/টিকে