প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ৮:৪৭ পিএম
ইলন মাস্ক। ছবি : সংগৃহীতযুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে নিজের মহাকাশ ও কৃত্রিম বুদ্ধিমত্তাবিষয়ক প্রতিষ্ঠান স্পেসএক্সের একটি করে শেয়ার দেওয়ার ঘোষণা দিয়েছেন বিশ্বের শীর্ষ ধনকুবের ইলন মাস্ক। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, স্পেসএক্সের বর্তমান বাজারমূল্য প্রায় ২ ট্রিলিয়ন ডলার।
সমাজের ওপর প্রযুক্তি কোম্পানিগুলোর প্রভাব নিয়ে যখন ক্রমবর্ধমান কঠোর পর্যালোচনা চলছে, ঠিক তখনই মাস্কের এমন ঘোষণা সামনে এলো।
সোমবার (১৯ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মাস্ক লেখেন, ‘আগামী বছর আমি আমেরিকার প্রতিটি শিশুকে আমার স্পেসএক্সের একটি করে শেয়ার দেব। এটি এমন অনেক পদক্ষেপের মধ্যে প্রথম।’
সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, গত জুনে প্রথমবারের মতো সর্বসাধারণের জন্য শেয়ার কেনাবেচা শুরু করে স্পেসএক্স। এটি ছিল ইতিহাসের বৃহত্তম প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিও। শুক্রবার বাজার বন্ধ হওয়ার সময় কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম ছিল প্রায় ১৪৬ ডলার।
তবে শিশুদের শেয়ার দেওয়ার বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানাননি মাস্ক। যুক্তরাষ্ট্রের কোটি কোটি শিশুর মধ্যে কীভাবে এসব শেয়ার বিতরণ করা হবে, কিংবা কোন বয়সের শিশুরা এ সুবিধা পাবে, তা এখনো স্পষ্ট নয়।
যুক্তরাষ্ট্রের আদমশুমারি ব্যুরোর তথ্য অনুযায়ী, দেশটিতে ১৮ বছরের কম বয়সী মানুষের সংখ্যা প্রায় ৭ কোটি ৩০ লাখ। এই হিসাব অনুযায়ী, প্রত্যেক শিশুকে একটি করে শেয়ার দেওয়া হলে এবং শেয়ারপ্রতি দাম ১৪৬ ডলার ধরে হিসাব করলে সম্ভাব্য উপহারের মোট মূল্য দাঁড়াবে প্রায় ১০ দশমিক ৭ বিলিয়ন ডলার।
তবে মাস্কের ঘোষণাটি বাস্তবায়নের প্রক্রিয়া, শেয়ার বিতরণের শর্ত এবং এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো পরিকল্পনা প্রকাশ করা হয়েছে কি না, তা এখনো পরিষ্কার নয়।
সময়ের আলো/এসএকে