প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ৯:৫৫ পিএম
বরিশাল নগরীতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল। ছবি : সংগৃহীতবরিশাল নগরীতে নিষিদ্ধ ছাত্রলীগের সশস্ত্র মিছিল ও ককটেল বিস্ফোরণের ঘটনায় ৭৩ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। সোমবার (১৯ অক্টোবর) বিকেলে কোতোয়ালি মডেল থানায় মামলাটি করা হয়।
মামলায় ১৩ জনের নাম উল্লেখ করে আরও ৬০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকালে নগরীর বাংলাবাজার এলাকায় সশস্ত্র অবস্থায় মিছিল করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
মিছিলের দুই দিন পর সোমবার কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) ফেরদৌস বাদী হয়ে মামলাটি করেন।
মামলায় নাম উল্লেখ করা আসামিরা হলেন, সাদ, মিরাজ, লাদেন, রাতুল, রাকিব, আবু বকর সিদ্দিক, রাশেদুল ইসলাম, ফয়সাল আহমেদ মুন্না, তরিকুল ইসলাম রাজা, উজ্জল, খোকা, সীমান্ত ও ইব্রাহিম। তারা সবাই ছাত্রলীগের সাবেক নেতাকর্মী বলে জানা গেছে।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, ছাত্রলীগের মিছিলের ঘটনায় মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।
সময়ের আলো/আতা