প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ১০:৩৩ পিএম
চট্টগ্রামে কুমারী পূজা । ছবি : সময়ের আলোচট্টগ্রামে কুমারীর পূজার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে শারদীয় দুর্গোৎসবের মহা অষ্টমী। এদিন মণ্ডপে মণ্ডপে ছিল উপচে পড়া ভিড়। সোমবার (১৯ অক্টোবর) সকাল ১০টায় নগরের রাধাগোবিন্দ ও শান্তনেশ্বরী মাতৃমন্দিরে তিন কুমারীকে দেবীজ্ঞানে পূজা করা হয়।
পূজাকে ঘিরে মন্দিরে ধর্মীয় পরিবেশের সৃষ্টি হয়। প্রচুর ভক্তের উপস্থিতি ছিল মাতৃমন্দিরে। পূজার শুরুতে কুমারীদের ফুল, চন্দন, বেলপাতা, তুলসি পাতা দিয়ে মন্ত্রপাঠ আর স্তুতিতে বন্দনা করা হয়। দুপুরে পূজা শেষে ভক্তরা অঞ্জলি দেন। শাস্ত্রীয় বিধান অনুযায়ী আয়োজিত এ পূজায় কুমারীর মধ্যে সৃষ্টির আদি শক্তির প্রতীকী উপস্থিতি কল্পনা করে ভক্তরা প্রণাম ও শ্রদ্ধা নিবেদন করেন।
সকালে শাস্ত্রীয় আচার অনুসরণ করে কুমারীদের দেবীরূপে আসনে বসিয়ে পূজা করা হয়। ভক্তরা তাদের মধ্যে দেবীশক্তির প্রকাশ কল্পনা করে শ্রদ্ধা নিবেদন করেন এবং মঙ্গল ও কল্যাণ কামনা করেন। এবারের কুমারী পূজায় অংশ নেয় ছয় বছর বয়সী রাধেশ্রী দত্ত বৃন্দা, ১১ বছর বয়সী ঋত্বিকা দাশ ও সাত বছর বয়সী অদিশ্রী কর।
রাধাগোবিন্দ ও শান্তনেশ্বরী মাতৃমন্দিরের পুরোহিত জুয়েল দেবনাথ বলেন, কুমারী পূজা আমাদের শেখায়, নারীকে শুধু দেবীর প্রতীক হিসেবে নয়, বাস্তব জীবনেও যথাযথ সম্মান ও মর্যাদা দিতে হবে। মহা অষ্টমী দুর্গোৎসবের অন্যতম গুরুত্বপূর্ণ তিথি। এ দিনের কুমারী পূজার মধ্য দিয়ে ভক্তরা নারীর মধ্যে দেবীশক্তির প্রকাশকে শ্রদ্ধা করেন।
কুমারী পূজার পাশাপাশি মহা অষ্টমীতে মন্দিরে মন্দিরে দেবীর বিহিত পূজা ও পুষ্পাঞ্জলি অনুষ্ঠিত হয়। ভক্তরা ফুল, বেলপাতা ও অর্ঘ্য নিবেদন করে দেবীর আশীর্বাদ কামনা করেন। অনেকেই উপবাস ও ব্রত পালনের মধ্য দিয়ে দিনটি উদযাপন করেন।
এবার চট্টগ্রাম নগরীর ২৯৪টি মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে দুর্গাপূজা। শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে প্রতিটি মণ্ডপে নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। সোমবার মহাঅষ্টমীর দিন প্রায় প্রতিটি মণ্ডপে ছিল উপচেপড়া ভিড়। সন্ধ্যার পর ভিড় বেড়ে যায় প্রতিটি মণ্ডপে।
সময়ের আলো/আতা