প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ১০:৩৮ পিএম
গাইবান্ধায় দেবীশক্তির আরাধনায় কুমারী পূজা। ছবি : সময়ের আলোশারদীয় দুর্গোৎসবের মহাষ্টমীতে গাইবান্ধা শহরের শচীন চাকী সড়কের শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমে সোমবার (১৯ অক্টোবর) অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী কুমারী পূজা। শঙ্খ, উলুধ্বনি আর ঢাকের তালে তালে পুরো আশ্রম চত্বরে বিরাজ করে উৎসবের আমেজ।
সকাল সাড়ে ১০টার দিকে শুরু হয় কুমারী পূজার আনুষ্ঠানিকতা। এর আগে থেকেই আশ্রম চত্বরে ধর্মপ্রাণ নারী-পুরুষের ভিড় জমতে থাকে। পূজা চলাকালে মুহুর্মুহু উলুধ্বনি ও শঙ্খধ্বনিতে মুখর হয়ে ওঠে চারপাশ।
এবারের কুমারী শহরের মাস্টারপাড়ার বাসিন্দা পীযুষ ভট্টাচার্য পলাশ ও অনামিকা দম্পতির মেয়ে শ্রীমতি প্রগতি ভট্টাচার্য (৬)। সে স্থানীয় মেরিট কেয়ার স্কুলের প্রথম শ্রেণির শিক্ষার্থী। নতুন বস্ত্রে দেবীর সাজে সাজিয়ে তাকে দেবী দুর্গার প্রতীক হিসেবে বসানো হয়। এরপর দেবীজ্ঞানে তার চরণে পূজার অর্ঘ্য নিবেদন করেন ভক্তরা।
সনাতন ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, কুমারী পূজায় অবিবাহিত বালিকার মধ্যে দেবী দুর্গার শক্তির আরাধনা করা হয়। মহাষ্টমীর এই আচার দুর্গাপূজার অন্যতম গুরুত্বপূর্ণ অনুষ্ঠান হিসেবে বিবেচিত।
কুমারী পূজার পাশাপাশি এদিন অনুষ্ঠিত হয় সন্ধি পূজা। অষ্টমী ও নবমী তিথির মিলনক্ষণে এই পূজা করা হয়। পূজা অনুষ্ঠানে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।
কুমারী পূজা দেখতে আশ্রম প্রাঙ্গণে ভিড় করেন অন্য ধর্মের মানুষও। ধর্মপ্রাণ নারী-পুরুষ ও দর্শনার্থীদের পদচারণায় সারা দিন মুখর ছিল মন্দির চত্বর।
সময়ের আলো/আতা