প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ১০:৪৩ পিএম
ছবি : সংগৃহীত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীকে পদত্যাগ করানো হলেও আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য প্রধানত দায়ী স্বরাষ্ট্রমন্ত্রীকে জবাবদিহির আওতায় আনা হচ্ছে না। দেশবাসী এখন স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের অপেক্ষায় রয়েছে। কারণ, তিনি সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছেন।
সোমবার (১৯ অক্টোবর) সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর পূর্ব বাড্ডার নিমতলা কালীমন্দির পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে ব্রিফিংয়ে এসব কথা বলেন নাহিদ ইসলাম।
ইশরাক হোসেনের প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, তিনি ফৌজদারি অপরাধ করেছেন। এ বিষয়ে আইন প্রয়োগকারী সংস্থাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। এর আগে সংসদ সদস্য মিষ্টি পদত্যাগ করেছেন, কিন্তু তাঁকে এখনো গ্রেপ্তার করা হয়নি।
তিনি বলেন, ‘এক ব্যক্তির ইচ্ছা, অনিচ্ছা, অনুরোধ বা নির্দেশনামতো দেশ চলছে। এটা কোনো গণতন্ত্রের উদাহরণ নয়, আইনের শাসনেরও উদাহরণ নয়।’
সংবিধান সংশোধন কমিটি নিয়েও সমালোচনা করেন এনসিপির আহ্বায়ক। তিনি বলেন, সংবিধান সংশোধন কমিটির নামে সরকার এখনো নাটক করছে। এ কমিটিকে দেশের মানুষ প্রত্যাখ্যান করেছে। দলীয় সুশীল ও বুদ্ধিজীবীদের নিয়ে কমিটি বৈঠক করছে। তাদের দিয়ে বিএনপি নিজেদের মেনে নেওয়া সংস্কারের বিরুদ্ধে বক্তব্য দেওয়াচ্ছে। এসব জনগণের সঙ্গে প্রহসন।
মন্দির পরিদর্শনের সময় এনসিপির মুখপাত্র ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র প্রার্থী আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ দলটির কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
সময়ের আলো/এসএকে