প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ১০:৪৮ পিএম
নারায়ণগঞ্জ পূজা মণ্ডপ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত । ছবি : সময়ের আলোনারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী আমলাপাড়া সার্বজনীন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। সোমবার (১৯ অক্টোবর) দুপুরে তিনি পূজামণ্ডপের সাজসজ্জা ও উৎসবের পরিবেশ দেখে মুগ্ধতা প্রকাশ করেন। এর আগে নগরীর ঐতিহ্যবাহী বোস কেবিনে গিয়ে চা পান করেন তিনি।
পরিদর্শনকালে রাষ্ট্রদূত বলেন, শারদীয় দুর্গাপূজা সম্পর্কে জানার পর থেকেই একটি পূজামণ্ডপ পরিদর্শনের পরিকল্পনা ছিল তার। বিশেষ করে এমন একটি মণ্ডপে যেতে চেয়েছিলেন, যেখানে আগে কোনো মার্কিন রাষ্ট্রদূত যাননি। মণ্ডপের দৃষ্টিনন্দন সাজসজ্জা ও আন্তরিক আতিথেয়তায় সন্তোষ প্রকাশ করে আয়োজকদের ধন্যবাদ জানান তিনি।
রাষ্ট্রদূতের আগমন উপলক্ষে পূজামণ্ডপে বাংলা গানের সঙ্গে নৃত্য পরিবেশন করা হয়। এ ছাড়া মণ্ডপের ঐতিহ্য ও কার্যক্রম নিয়ে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির, পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, আমলাপাড়া সার্বজনীন পূজা উদযাপন কমিটির সভাপতি প্রবীর কুমার সাহা ও কোষাধ্যক্ষ সানি সাহাসহ কমিটির নেতারা। রাষ্ট্রদূতের সফরসঙ্গী ছিলেন মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তা অ্যালিস কেনেডি, মুখপাত্র পূর্ণিমা রায়, নিরাপত্তা কর্মকর্তা অ্যারিক ওয়েলস ও ফরেন সার্ভিস ন্যাশনাল ইনভেস্টিগেটর শেখ শিবলী।
নারায়ণগঞ্জ সফরের অংশ হিসেবে রাষ্ট্রদূত সোনারগাঁয়ের ঐতিহাসিক পানাম নগরী ও বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনও পরিদর্শন করেন। ফাউন্ডেশনের কারুপল্লিতে জামদানি পল্লি ঘুরে দেখে বাংলাদেশের ঐতিহ্যবাহী কারুশিল্প সম্পর্কে ধারণা নেন তিনি। তার সফর উপলক্ষে আমলাপাড়া পূজামণ্ডপ ও আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।
সময়ের আলো/আতা