প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ৩:৪৯ এএম
ছবি : সংগৃহীত নতুন গানে কণ্ঠ দিয়েছেন বাংলা গানের ‘যুবরাজ’ খ্যাত সংগীতশিল্পী আসিফ আকবর। ‘সখি তুই কি তেল মাখিস চুলে’ শিরোনামের গানটির কথা ও সুর করেছেন মাহবুবুল খালিদ। এবারই প্রথম তার গানে গাইলেন আসিফ।
রোমান্টিক আবহের গানটিতে প্রেম, রূপ আর মুগ্ধতার কথা উঠে এসেছে দারুণ সব লোকজ শব্দের বুননে। গানের কয়েকটি পঙ্ক্তি এমন, ‘সখি তুই কি তেল মাখিস চুলে/ কী শাড়ি পরিস তুই, হাওয়ায় আঁচল দুলে/ তোর নূপুর বাজে ঘুঙুর ঘুঙুর/ রূপে আগুন জ্বলে।’
শিগগিরই গানটির সংগীতচিত্র প্রকাশিত হবে ‘খালিদ সংগীত’ ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। এরই মধ্যে একই নামের ওয়েবসাইটে গানটির অডিও শ্রোতাদের জন্য উন্মুক্ত করা হয়েছে।
বাংলাদেশের সংগীত ও সাহিত্যাঙ্গনে নিয়মিত সৃষ্টিশীল কাজ করে যাচ্ছেন মাহবুবুল খালিদ। তার লেখা গান নিজস্ব ওয়েবসাইটের পাশাপাশি ‘খালিদ সংগীত’ ব্যানারে ইউটিউব, ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হচ্ছে। এ পর্যন্ত তার লেখা পাঁচ শতাধিক গান প্রকাশ পেয়েছে। এসব গানে কণ্ঠ দিয়েছেন দেশের বিভিন্ন প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পীরা। এবার সেই বৈচিত্র্যময় গানের ধারায় যুক্ত হলো আসিফ আকবরের কণ্ঠে ‘সখি তুই কী তেল মাখিস চুলে’।
সময়ের আলো/প্রিন্ট/জেডি