ট্রাম্পের জনপ্রিয়তায় রেকর্ড পতন, সমর্থন নেমে ৩১ শতাংশে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি জনসমর্থন কমে রেকর্ড সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। জ্বালানির উচ্চমূল্য ও অর্থনীতি নিয়ে উদ্বেগের মধ্যে আগামী ৩

2026-10-20T10:25:08+00:00
2026-10-20T10:26:03+00:00
 
  মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬,
৪ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
মধ্যবর্তী কংগ্রেস নির্বাচন
ট্রাম্পের জনপ্রিয়তায় রেকর্ড পতন, সমর্থন নেমে ৩১ শতাংশে
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ১০:২৫ এএম  আপডেট: ২০.১০.২০২৬ ১০:২৬ এএম
ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি জনসমর্থন কমে রেকর্ড সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। জ্বালানির উচ্চমূল্য ও অর্থনীতি নিয়ে উদ্বেগের মধ্যে আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী কংগ্রেস নির্বাচনে ট্রাম্পের দল রিপাবলিকান পার্টিকে ভোটাররা শাস্তি দিতে পারেন বলে ইঙ্গিত দিয়েছে রয়টার্স বা ইপসোসের এক জনমত জরিপ।

সোমবার (১৯ অক্টোবর) শেষ হওয়া চার দিনের এই জরিপে দেখা গেছে, ট্রাম্পের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনে সন্তুষ্ট মাত্র ৩১ শতাংশ মার্কিন নাগরিক। দুই সপ্তাহ আগের জরিপের তুলনায় এ হার ১ শতাংশ কমেছে। ট্রাম্পের দুই মেয়াদের কোনো সময়েই তার জনসমর্থন এতটা নিচে নামেনি।

কংগ্রেস নির্বাচনে কোন দলকে ভোট দেবেন, এমন প্রশ্নে নিবন্ধিত ভোটারদের ৪৭ শতাংশ ডেমোক্রেটিক পার্টি এবং ৩৫ শতাংশ রিপাবলিকান পার্টির প্রতি সমর্থন জানিয়েছেন। দুই দলের মধ্যে ব্যবধান দাঁড়িয়েছে ১২ শতাংশে, যা চলতি নির্বাচনি চক্রে ডেমোক্র্যাটদের সবচেয়ে বড় ব্যবধান। দুই সপ্তাহ আগের জরিপে দলটি রিপাবলিকানদের চেয়ে ৭ শতাংশ এগিয়ে ছিল।

নারী ভোটারদের মধ্যে ডেমোক্র্যাটদের প্রতি সমর্থন তুলনামূলক বেশি। জরিপে ৫০ শতাংশ নারী ডেমোক্র্যাটদের ভোট দেওয়ার কথা জানিয়েছেন, বিপরীতে রিপাবলিকানদের পক্ষে মত দিয়েছেন ৩২ শতাংশ। পুরুষ ভোটারদের মধ্যেও ডেমোক্র্যাটরা এগিয়ে রয়েছেন, যদিও দুই দলের ব্যবধান তুলনামূলক কম।


ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক হামলার নির্দেশ দেওয়ার পর থেকেই ট্রাম্পের জনপ্রিয়তায় চাপ তৈরি হয়েছে। গত ফেব্রুয়ারিতে শুরু হওয়া যুদ্ধের প্রভাবে যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম বেড়েছে, যা সাধারণ পরিবারগুলোর ব্যয় বাড়িয়ে দিয়েছে।

অর্থনীতি পরিচালনায় ট্রাম্পের ভূমিকা নিয়েও অসন্তোষ বাড়ছে। জরিপে অংশ নেওয়া ৬৮ শতাংশ মার্কিন নাগরিক জানিয়েছেন, অর্থনীতি সামলানোর ক্ষেত্রে তারা ট্রাম্পের ওপর সন্তুষ্ট নন। অসন্তুষ্টদের মধ্যে স্বঘোষিত রিপাবলিকান রয়েছেন ৩৭ শতাংশ। অর্থনীতি পরিচালনায় কোন দলকে বেশি আস্থার যোগ্য মনে করেন, এমন প্রশ্নে ৪০ শতাংশ ডেমোক্র্যাটদের এবং ৩৩ শতাংশ রিপাবলিকানদের বেছে নিয়েছেন।

কংগ্রেসের যেকোনো একটি কক্ষের নিয়ন্ত্রণ হারালে ট্রাম্পের জন্য বাকি মেয়াদে নিজের নীতিগত পরিকল্পনা বাস্তবায়ন কঠিন হয়ে উঠতে পারে। তবে জাতীয় পর্যায়ের এই জরিপ থেকে কংগ্রেসের নিয়ন্ত্রণ কোন দলের হাতে যাবে, তা নিশ্চিতভাবে বলা যায় না। কারণ, প্রতিনিধি পরিষদ ও সিনেটের নির্বাচনের ফল নির্ধারিত হয় অঙ্গরাজ্য ও নির্বাচনি এলাকাভিত্তিক প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে। এসব ক্ষেত্রে রিপাবলিকানদের কিছু কাঠামোগত সুবিধা রয়েছে।

অনলাইনে পরিচালিত এই জরিপে যুক্তরাষ্ট্রের ১ হাজার ৬৭৯ জন প্রাপ্তবয়স্ক অংশ নেন। তাদের মধ্যে নিবন্ধিত ভোটার ছিলেন ১ হাজার ২৭৯ জন। সব উত্তরদাতার ক্ষেত্রে জরিপের সম্ভাব্য ভুলের সীমা ২ শতাংশ এবং নিবন্ধিত ভোটারদের ক্ষেত্রে ৩ শতাংশ।

সূত্র : রয়টার্স

সময়ের আলো/মহু

  বিষয়:   কংগ্রেস নির্বাচন  ডোনাল্ড ট্রাম্প  জনপ্রিয়তা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: