প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ২:৫৭ পিএম আপডেট: ২০.১০.২০২৬ ৩:৩৯ পিএম
পুলিশের তালিকায় তিনি ‘শ্যুটার লেলিন’ নামে পরিচিত। ছবি : সংগৃহীত রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের মামলায় ছাত্রদলের সাবেক নেতা আবুল কালাম আজাদ ওরফে লেলিনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। পুলিশের তালিকায় তিনি ‘শ্যুটার লেলিন’ নামে পরিচিত।
মঙ্গলবার (২০ অক্টোবর) ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক লুৎফর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, সোমবার লেলিনকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল হক তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে সোমবার ভোরে চট্টগ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
মামলার অভিযোগ অনুযায়ী, গত ২৫ সেপ্টেম্বর রাত ১২টা ৫ মিনিটের দিকে শাহ আলী থানাধীন রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হ্যামার, লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় একদল লোক। তারা দুই নৈশপ্রহরীকে মারধর করে বেঁধে রাখে। পরে ভেকু দিয়ে প্রতিষ্ঠানের কয়েকটি সেমিপাকা ঘর ভাঙচুর করে এবং বিভিন্ন কক্ষের দরজা-জানালা ক্ষতিগ্রস্ত করে।
অভিযোগে আরও বলা হয়, হামলাকারীরা দুটি আল্ট্রাসনোগ্রাম মেশিন, একটি জেনারেটর, দুটি কম্পিউটার, দুটি প্রিন্টার, তিনটি ফ্রিজ, তিনটি এসি, তিনটি স্টিলের আলমারি ও বিভিন্ন ওষুধসহ মালামাল লুট করে নিয়ে যায়। লুট হওয়া মালামালের আনুমানিক মূল্য ৬০ লাখ টাকা। ভাঙচুর ও লুটপাটে মোট প্রায় ১ কোটি ৯ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারের নির্বাহী পরিচালক ডা. নাসরিন আখতার শাহ আলী থানায় মো. হানিফ মিয়াসহ অজ্ঞাতনামা ২০০ থেকে ২৫০ জনকে আসামি করে মামলা করেন।
সময়ের আলো/এমকে