প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ৬:৩৯ পিএম
ছবি : সংগৃহীতপারফরম্যান্স ভালো না হলে রিয়াল মাদ্রিদে কারও একাদশে জায়গা নিশ্চিত নয়। দলের তারকা ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়রকেও এই বার্তা দিয়েছেন কোচ হোসে মরিনহো। তবে চ্যাম্পিয়ন্স লিগে লাইপজিগের বিপক্ষে ম্যাচে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকেই বাম প্রান্তে খেলানোর ইঙ্গিত দিয়েছেন তিনি।
লাইপজিগের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে মরিনহো বলেন, প্রতিপক্ষ শক্তিশালী হলেও টানা তিন জয়ে আত্মবিশ্বাসী তার দল। সর্বশেষ ম্যাচে দুর্দান্ত ফুটবল খেলেছে রিয়াল। তবে জয়ের ধারাবাহিকতা ধরে রাখাই এখন তাদের লক্ষ্য।
একাদশে ভিনিসিয়ুসের জায়গা নিয়ে প্রশ্ন করা হলে মরিনহো স্পষ্ট করে বলেন, দলে কেউই ‘অস্পর্শনীয়’ নন। মাঠের পারফরম্যান্সই ঠিক করবে কে একাদশে থাকবেন। কাউকে বাদ দেওয়া যাবে না, এমন সংস্কৃতি পছন্দ করেন না তিনি।
তবে লাইপজিগের বিপক্ষে ভিনিসিয়ুসের খেলার সম্ভাবনা উড়িয়ে দেননি রিয়াল কোচ। তিনি বলেন, ‘আগামীকালের ম্যাচে বাম প্রান্তে ভিনিসিয়ুসই খেলবে।’ তরুণ দিয়ামান্দে খেলবেন কি না, তা এখনো নিশ্চিত নয় বলেও জানান মরিনহো।
চ্যাম্পিয়ন্স লিগ জয়ের সম্ভাবনা নিয়ে বাড়তি আলোচনা এড়িয়ে গেছেন পর্তুগিজ কোচ। তার মতে, এখনই শিরোপা নিয়ে ভাবার সময় হয়নি। প্রথম লক্ষ্য নকআউট পর্ব নিশ্চিত করা, এরপর প্লে-অফ এড়িয়ে সরাসরি সেরা আটে জায়গা করে নেওয়া। এ জন্য পর্যাপ্ত পয়েন্ট সংগ্রহ করতে হবে।
কিলিয়ান এমবাপ্পে ও এন্দ্রিককে একসঙ্গে খেলানোর প্রসঙ্গেও নিজের কৌশলগত ভাবনার কথা জানিয়েছেন মরিনহো। তার মতে, ৪-৪-২ ফরমেশনে দুজনকে খেলানো সম্ভব হলেও দলের উইঙ্গারদের বিবেচনায় সেটি কার্যত ৪-২-৪ হয়ে যেতে পারে। তাই ম্যাচের পরিস্থিতি অনুযায়ী কৌশল বদলানোই বেশি যুক্তিযুক্ত।
রেফারির সিদ্ধান্ত নিয়েও খেলোয়াড়দের সতর্ক করেছেন মরিনহো। তিনি জানান, লাইপজিগের বিপক্ষে ম্যাচে দায়িত্বে থাকা রেফারি উচ্চমানের এবং মাঠে কোনো ধরনের বাড়াবাড়ি পছন্দ করেন না।
রিয়াল মাদ্রিদের মতো ক্লাবের প্রত্যাশা সম্পর্কে ভালোভাবেই জানেন বলে উল্লেখ করে মরিনহো বলেন, দলকে কাঙ্ক্ষিত জায়গায় নিতে কঠোর পরিশ্রম চালিয়ে যাবেন তিনি।
সময়ের আলো/টিকে