নগদ লেনদেনে বছরে ব্যয় ১ লাখ ৭০ হাজার কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক

অর্থনীতি

দেশে নগদ টাকার ওপর নির্ভরতার কারণে প্রতি বছর বিপুল অর্থ ব্যয় হচ্ছে। বিপরীতে ডিজিটাল লেনদেনে খরচ তুলনামূলকভাবে অনেক কম। বাংলাদেশ

2026-10-20T22:23:28+00:00
2026-10-20T22:23:28+00:00
 
  মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬,
৪ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
অর্থনীতি
নগদ লেনদেনে বছরে ব্যয় ১ লাখ ৭০ হাজার কোটি টাকা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ১০:২৩ পিএম 
দেশে নগদ টাকার ওপর নির্ভরতার কারণে প্রতি বছর বিপুল অর্থ ব্যয় হচ্ছে। ছবি : সংগৃহীত
দেশে নগদ টাকার ওপর নির্ভরতার কারণে প্রতি বছর বিপুল অর্থ ব্যয় হচ্ছে। বিপরীতে ডিজিটাল লেনদেনে খরচ তুলনামূলকভাবে অনেক কম। বাংলাদেশ ব্যাংকের এক গবেষণায় দেখা গেছে, ২০২৩ সালে নগদ লেনদেন ব্যবস্থায় বার্ষিক ব্যয় হয়েছে প্রায় ১ লাখ ৭০ হাজার কোটি টাকা। একই সময়ে ডিজিটাল লেনদেনের ব্যয় ছিল মাত্র ৫ হাজার ৯৬৪ কোটি টাকা। অর্থাৎ ডিজিটাল লেনদেনের তুলনায় নগদ লেনদেনে ব্যয় প্রায় ২৮ গুণ বেশি।

বাংলাদেশ ব্যাংকের ‘দ্য কস্ট অব ক্যাশ স্টাডি ইন বাংলাদেশ : আ কম্পারেটিভ অ্যানালাইসিস অব ক্যাশ অ্যান্ড ডিজিটাল পেমেন্ট’ শীর্ষক গবেষণায় এ চিত্র উঠে এসেছে। এতে বলা হয়েছে, নগদ লেনদেনের বার্ষিক ব্যয় ২০২৩ সালের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৩ দশমিক ২৪ শতাংশ। অন্যদিকে ডিজিটাল লেনদেনের ব্যয় জিডিপির মাত্র শূন্য দশমিক ১১ শতাংশ। মাথাপিছু হিসাবে বছরে নগদ লেনদেনের ব্যয় ৯ হাজার ৯৩৮ টাকা। ডিজিটাল লেনদেনে এ ব্যয় মাত্র ৩৪৮ টাকা।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম বলেন, ব্যাংক নোটের কাঁচামাল আমদানি, ছাপানো, পরিবহন ও বিতরণসহ নগদ অর্থ ব্যবস্থাপনায় কেন্দ্রীয় ব্যাংককে বিভিন্ন ধরনের ব্যয় বহন করতে হয়। ব্যবহারের ফলে নোট নষ্ট বা ছেঁড়া হয়ে গেলে নতুন নোট ছাপাতে হয়, যা বারবার ব্যয়ের কারণ হয়ে দাঁড়ায়।

গবেষণা অনুযায়ী নগদ লেনদেন ব্যবস্থাপনায় ব্যাংকগুলোর বার্ষিক ব্যয় প্রায় ৩৬ হাজার ৮০০ কোটি টাকা। ভোক্তাদের এ-সংক্রান্ত ব্যয় প্রায় ২৮ হাজার কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের নিজস্ব নগদ ব্যবস্থাপনা ব্যয় বছরে প্রায় ৪০০ কোটি টাকা। নোট ছাপানো ও বিতরণের পাশাপাশি অর্থ পরিবহন, নিরাপত্তা, ব্যাংকের শাখা ও এটিএম পরিচালনা এবং নগদ টাকা তোলা ও বহনে মানুষের ব্যয় করা সময়ও এ হিসাবের অন্তর্ভুক্ত।


গবেষণায় ছায়া অর্থনীতির কারণে সরকারের সম্ভাব্য রাজস্ব ক্ষতির পরিমাণ বছরে ৯৩ হাজার ৩০০ কোটি টাকা বলে উল্লেখ করা হয়েছে, যা জিডিপির ১ দশমিক ৭৭ শতাংশ। এ ক্ষতি হিসাবের বাইরে রাখলেও নগদ লেনদেনের ব্যয় ডিজিটাল লেনদেনের তুলনায় প্রায় ১২ গুণ বেশি।

তবে ডিজিটাল লেনদেন ব্যবস্থারও কিছু সীমাবদ্ধতা রয়েছে। গবেষণায় বলা হয়েছে, এ খাতে বছরে আনুমানিক আয় ২ হাজার ৩০০ কোটি টাকা হলেও পরিচালন ব্যয় প্রায় ৫ হাজার ৯৬৪ কোটি টাকা। ফলে আয়-ব্যয়ের ব্যবধান প্রায় ৩ হাজার ৬৬৪ কোটি টাকা।

ডিজিটাল লেনদেন সম্প্রসারণে উচ্চ মাশুল, অর্থ নিষ্পত্তিতে বিলম্ব, পেমেন্ট ব্যবস্থাগুলোর মধ্যে আন্তঃসংযোগের সীমাবদ্ধতা এবং অনির্ভরযোগ্য ইন্টারনেট বড় বাধা। পাশাপাশি প্রতারণা, লেনদেন ব্যর্থতা ও ডিজিটাল প্রযুক্তি ব্যবহারে সীমিত দক্ষতার কারণে অনেক গ্রাহক ও ব্যবসায়ী এ ব্যবস্থায় পুরোপুরি আস্থা রাখতে পারছেন না।

গবেষণায় বলা হয়েছে, দেশে মোবাইল আর্থিক সেবা ও ইলেকট্রনিক অর্থ স্থানান্তরের প্রসার ঘটলেও মোট লেনদেনের ৮০ শতাংশের বেশি এখনও নগদে সম্পন্ন হয়। বিশেষ করে ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছে ডিজিটাল লেনদেনের মাশুল একটি গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয়।

ডিজিটাল লেনদেন বাড়াতে বাংলাদেশ ব্যাংক আন্তঃসংযোগযোগ্য লেনদেনের জাতীয় মানদণ্ড হিসেবে ‘বাংলা কিউআর’ চালু করেছে। ব্যবসায়ীদের এ ব্যবস্থায় উৎসাহিত করতে ২০২৬ সালের ১ অক্টোবর থেকে বাংলা কিউআর লেনদেনে ইন্টারচেঞ্জ রেইমবার্সমেন্ট ফি শূন্য শতাংশ নির্ধারণ করেছে কেন্দ্রীয় ব্যাংক।

গবেষণায় বলা হয়েছে, নগদ লেনদেনের ব্যয় কমাতে ডিজিটাল ব্যবস্থার অবকাঠামো সম্প্রসারণের পাশাপাশি সাশ্রয়ী মাশুল, নির্ভরযোগ্য ইন্টারনেট, গ্রাহক সুরক্ষা, প্রতারণা প্রতিরোধ এবং অভিযোগ নিষ্পত্তির কার্যকর ব্যবস্থা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে ডিজিটাল লেনদেন সম্পর্কে জনসচেতনতা ও দক্ষতা বাড়ানো জরুরি।

গবেষণার পর্যবেক্ষণ অনুযায়ী এসব বাধা দূর করে ডিজিটাল লেনদেনের ব্যবহার বাড়ানো গেলে অর্থনীতিতে ব্যয় সাশ্রয়ের পাশাপাশি আর্থিক স্বচ্ছতা বৃদ্ধি এবং অর্থনৈতিক কর্মকাণ্ডের ওপর নজরদারি জোরদারের সুযোগ তৈরি হবে।


সময়ের আলো/প্রিন্ট/এমকে
  বিষয়:   নগদ লেনদেন  বছর  ব্যয়  টাকা 


Advertisement
Loading...
Loading...
অর্থনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: