প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ১০:৩৩ পিএম
অভিনেত্রী নাজনীন নীহা। ছবি : সংগৃহীতক্যারিয়ারের শুরু থেকেই ভালোবাসার গল্পকে প্রাধান্য দিয়ে কাজ করছেন অভিনেত্রী নাজনীন নীহা। সেসব নাটকগুলো দর্শক মহলে বেশ সাড়াও ফেলেছে। সেই ধারাবাহিকতায় বেছে নিয়েছেন আরেকটি ভালোবাসার গল্প। নাম ‘কাছের কেউ’। এসআর মজুমদারের রচনা ও পরিচালনায় সম্প্রতি নাটকটির শুটিং শেষ হয়েছে। এতে নীহার বিপরীতে রয়েছেন জিয়াউল ফারুক অপূর্ব। এর আগেও এই জুটির একাধিক নাটক বেশ সাড়া ফেলেছে। শিগগিরই এটি প্রচারে আসবে বলে জানিয়েছেন পরিচালক।
তিনি বলেন, কাছের কেউ নাটকের গল্পটি খুব সুন্দর। অনেক ভালো একটি কাজ হয়েছে। খুব যত্ন নিয়েই কাজটি করা হয়েছে। আশা করছি প্রচারে আসার পর দর্শক নাটকটি পছন্দ করবেন।
নাটকটি প্রসঙ্গে নাজনীন নীহা বলেন, কিছু গল্প দারুণভাবে মনে আঁচড় কাটে; যার শুরু থেকে দর্শক অপেক্ষা করেন শেষ পরিণতি দেখার। কাছের কেউ তেমনই এক ভালোবাসার গল্পের নাটক, যা দর্শকদের প্রত্যাশা পূরণ করবে। কাছের কেউ যে আমাদের কতটা কাছের, কখনো কখনো তা বুঝতে বুঝতেই জীবনের সবচেয়ে মূল্যবান সময়টুকু হারিয়ে যায়। জীবনের এই বাস্তবতা নিয়েই এগিয়েছে নাটকটির গল্পটি। নাটকে অপূর্ব ভাইয়ের বিপরীতে অভিনয় করেছি। ক্যারিয়ারের শুরু থেকেই তার সঙ্গে অভিনয়ের সুযোগ পেয়ে আসছি। এটি আমার জন্য সৌভাগ্যের। এর আগে আমরা দুজন বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছি। সেগুলো থেকে অনেক ভালো সাড়া পেয়েছি। আশা করছি নতুন এই নাটকটিও দর্শক গ্রহণ করবেন।
রোমান্টিক গল্পেই অভিনয় প্রসঙ্গে নীহা বলেন, দর্শকরা আমাকে আসলে ওই ধরনের নাটকেই বেশি দেখতে চান, একই কারণে নির্মাতারাও আমাকে ওই ধরনের গল্পেই বেশি ভাবেন। সব মিলিয়ে তাদের চাওয়া পূরণ করতেই এমনটা হয়। তবে ইদানীং রোমান্টিক গল্পের মধ্যেও অভিনয় করার যথেষ্ট সুযোগ থাকে। আমি নিজেও ওই ধরনের গল্পে কাজ করতে পছন্দ করি।
নাটকে অভিনয়ের মুগ্ধতা ছড়ালেও সিনেমা কিংবা ওটিটি প্ল্যাটফর্মে দেখা যায়নি নীহাকে। তিনি বলেন, আমার ক্যারিয়ারের শুরুটা খুব অল্প দিনের। এই সময়ে মূলত অভিনয় শিখছি। এখন নাটক নিয়েই থাকতে চাই। তাই আপাতত সিনেমা নিয়ে কোনো পরিকল্পনা নেই। এখন শুধু নাটক নিয়েই ভাবছি। তবে ওটিটির জন্য ভালো কোনো গল্প ও চরিত্র পেলে হয়তো দেখা যাবে।
অভিনয়ের পাশাপাশি ব্যক্তিজীবন নিয়েও আলোচনায় নীহা। মাস দুয়েক আগে প্রেমের গুঞ্জনে শিরোনাম হয়েছিলেন তিনি। ফেসবুকে নিজের রিলেশনশিপ স্ট্যাটাস বদলে এনগেজড লেখেন নীহা। চাউর হয়, দেশের বাইরে ঘুরতে গিয়ে এক পাকিস্তানি যুবকের সঙ্গে নীহার পরিচয় হয়, তার সঙ্গেই বাগদান হয়েছে বলে খবর ছড়ায়।
তবে বিষয়টি অস্বীকার করে ব্যক্তিজীবনে সম্পর্কে জড়ানোর কথা জানান নীহা। তিনি বলেন, আমি এখন আর সিঙ্গেল না। কোনো একভাবে, কোনো এক জায়গায় আমি এখন এনগেজড।
সময়ের আলো/প্রিন্ট/এমকে