গোলবন্যার বায়ার্নের সামনে আর্সেনালের রক্ষণদুর্গ

ক্রীড়া ডেস্ক

খেলা

চ্যাম্পিয়নস লিগে বুধবার রাতে মাঠে নামছে ইউরোপের চার জায়ান্ট— বায়ার্ন মিউনিখ, আর্সেনাল, রিয়াল মাদ্রিদ ও আরবি লাইপজিগ। এক ম্যাচে গোলবন্যা

2026-10-20T23:52:24+00:00
2026-10-20T23:52:24+00:00
 
  মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬,
৪ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
খেলা
বায়ার্ন-আর্সেনাল মহারণ, রিয়ালের সামনে লাইপজিগ
গোলবন্যার বায়ার্নের সামনে আর্সেনালের রক্ষণদুর্গ
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ১১:৫২ পিএম 
ছবি : সংগৃহীত
চ্যাম্পিয়নস লিগে বুধবার রাতে মাঠে নামছে ইউরোপের চার জায়ান্ট— বায়ার্ন মিউনিখ, আর্সেনাল, রিয়াল মাদ্রিদ ও আরবি লাইপজিগ। এক ম্যাচে গোলবন্যা ছড়ানোর সামর্থ্য নিয়ে বায়ার্নের সামনে আর্সেনালের জমাট রক্ষণ, অন্য ম্যাচে জয়ের ধারাবাহিকতা ধরে রাখার লক্ষ্যে মাঠে নামবে রিয়াল। বিপরীতে বায়ার্নের কাছে বড় ব্যবধানে হারের ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়াতে চাইবে লাইপজিগ।

বায়ার্নের সামনে আর্সেনাল

চলতি মৌসুমে দুর্দান্ত আক্রমণাত্মক ফুটবল খেলছে বায়ার্ন। সব প্রতিযোগিতা মিলিয়ে নিজেদের সর্বশেষ ছয় ম্যাচে ২৫ গোল করেছে ভিনসেন্ট কোম্পানির দল। এর মধ্যে বুন্দেসলিগায় আরবি লাইপজিগকে ৬-১ গোলে উড়িয়ে দিয়েছে তারা। ওই ম্যাচে হ্যাটট্রিক করেন লুইস দিয়াজ। একটি গোলের পাশাপাশি দুটি অ্যাসিস্ট করেন হ্যারি কেইন। এমন দাপুটে জয়ের পর আর্সেনালের বিপক্ষেও গোল উৎসবের ধারাবাহিকতা ধরে রাখতে চাইবে জার্মান চ্যাম্পিয়নরা।

দুই হলুদ কার্ড দেখে মাঠ ছাড়ায় আর্সেনালের বিপক্ষে খেলতে পারবেন না ফরাসি উইঙ্গার অলিসে। চলতি মৌসুমে বায়ার্নের আক্রমণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এই ফুটবলারের অনুপস্থিতি সামাল দেওয়াই এখন কোম্পানির বড় চ্যালেঞ্জ। তার জায়গায় তরুণ লেনার্ট কার্লকে খেলানোর সম্ভাবনা রয়েছে। চোটের কারণে জামাল মুসিয়ালার খেলা নিয়েও অনিশ্চয়তা রয়েছে। তবে গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার ফিরতে পারেন একাদশে।

অন্যদিকে আর্সেনাল আসছে আত্মবিশ্বাসে ভর করে। চ্যাম্পিয়নস লিগে নিজেদের প্রথম দুই ম্যাচেই জয় পেয়েছে মিকেল আর্তেতার দল। নাপোলিকে ১-০ গোলে হারানোর পর লিলের বিপক্ষে পেয়েছে ৩-০ গোলের জয়। দুই ম্যাচে কোনো গোল হজম না করা আর্সেনালের রক্ষণভাগই এখন দলটির বড় শক্তি। প্রতিযোগিতায় এখন পর্যন্ত তাদের চেয়ে বেশি গোল করেছে মাত্র কয়েকটি দল। তবে গোল হজম না করার কৃতিত্বে এগিয়ে আছে ইংলিশ ক্লাবটি।

সব প্রতিযোগিতা মিলিয়ে টানা তিন জয়ের ধারায় রয়েছে আর্সেনাল। সর্বশেষ নটিংহাম ফরেস্টের বিপক্ষে ননি মাদুয়েকের গোলে ১-০ ব্যবধানে জিতেছে তারা। তবে বায়ার্নের মাঠে জয় পাওয়া সহজ হবে না। অ্যালিয়াঞ্জ অ্যারেনায় চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্ব ও লিগ পর্ব মিলিয়ে নিজেদের সর্বশেষ ৩৯ ম্যাচে অপরাজিত রয়েছে বায়ার্ন। এর মধ্যে ৩৭ ম্যাচেই জিতেছে জার্মান ক্লাবটি। দুই দলের লড়াইয়ে বাড়তি গুরুত্ব পাচ্ছে কেইনের উপস্থিতিও। আর্সেনালের বিপক্ষে আগের ২২ ম্যাচে ১৫ গোল করেছেন ইংলিশ এই স্ট্রাইকার। ফলে ওলিসে না থাকলেও কেইন ও দিয়াজকে ঘিরে আক্রমণ সাজানোর সুযোগ থাকবে বায়ার্নের। অন্যদিকে বুকায়ো সাকা, মার্টিন ওডেগার্ড ও মাদুয়েকের মতো খেলোয়াড়দের নিয়ে পাল্টা আক্রমণে জবাব দিতে চাইবে আর্সেনাল

রিয়াল- লাইপজিগ

চ্যাম্পিয়নস লিগে নিজেদের জয়ের ধারা ধরে রাখতে চায় রিয়াল মাদ্রিদ। অন্যদিকে বায়ার্ন মিউনিখের কাছে বড় ব্যবধানে হারের ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় আরবি লাইপজিগ। সাম্প্রতিক পারফরম্যান্স ও মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যানে এগিয়ে থাকলেও প্রতিপক্ষকে সহজভাবে নিতে চাইবে না স্প্যানিশ জায়ান্টরা।

চলতি মৌসুমে চ্যাম্পিয়নস লিগে দারুণ শুরু করেছে রিয়াল। প্রথম ম্যাচে ইন্টার মিলানকে ২-১ গোলে হারানোর পর দ্বিতীয় ম্যাচে রোমার বিপক্ষে ৪-৩ গোলের রোমাঞ্চকর জয় পায় তারা। দুই ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে লিগ পর্বের পয়েন্ট তালিকায় অষ্টম স্থানে রয়েছে স্প্যানিশ ক্লাবটি।

অন্যদিকে লাইপজিগের শুরুটা হয়েছে মিশ্র অভিজ্ঞতায়। প্রথম ম্যাচে ইতালির কোমোর কাছে ৪-১ গোলে হারের পর দ্বিতীয় ম্যাচে পিএসভি আইন্দহোফেনকে ১-০ গোলে হারিয়ে ঘুরে দাঁড়ায় জার্মান ক্লাবটি। দুই ম্যাচে তিন পয়েন্ট নিয়ে লিগ পর্বের তালিকায় ২১তম স্থানে রয়েছে তারা।

তবে সর্বশেষ ম্যাচে বায়ার্ন মিউনিখের কাছে ৬-১ গোলের বড় হার আত্মবিশ্বাসে ধাক্কা দিয়েছে লাইপজিগকে। বুন্দেসলিগায় সাত ম্যাচে নয় পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে রয়েছে দলটি। ফলে রিয়ালের বিপক্ষে ভালো ফল পেতে হলে রক্ষণ সামলানোর পাশাপাশি আক্রমণেও কার্যকর হতে হবে তাদের।

চ্যাম্পিয়নস লিগে দুই দলের আগের চার দেখায় এগিয়ে রিয়াল মাদ্রিদ। দুই ম্যাচে জয়ের বিপরীতে একটিতে হেরেছে তারা, বাকি ম্যাচটি হয়েছে ড্র। ফলে মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যানও স্প্যানিশ ক্লাবটির পক্ষে কথা বলছে। অন্য ম্যাচে কোমোর মাঠে নামবে ম্যানচেস্টার ইউনাইটেড। অ্যাস্টন ভিলা আতিথ্য দেবে নরওয়ের ভাইকিংকে। মিলানে মুখোমুখি হবে ইন্টার এবং শাখতার। রিয়াল বেতিস-ফেইনুর্দও নামবে একই সময়ে। 

সময়ের আলো/প্রিন্ট/টিকে
  বিষয়:   বায়ার্ন-আর্সেনাল  মহারণ  রিয়াল  লাইপজিগ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: