ছবি : সংগৃহীততিন সংস্করণকে এক ছাতার নিচে এনে দেশের ঘরোয়া ক্রিকেটে নতুন মাত্রা যোগ করার পরিকল্পনা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। নতুন এই প্রতিযোগিতার নাম ডমেস্টিক-৩ ট্রফি, সংক্ষেপে ডি-থ্রি। বিপিএলের আদলে একাধিক ভেন্যুতে টুর্নামেন্টটি আয়োজনের পরিকল্পনা থাকলেও শেষ মুহূর্তে বদল আসছে ভেন্যুর তালিকায়। অবকাঠামোগত প্রস্তুতি সম্পন্ন না হওয়ায় আপাতত ডি-থ্রির ভেন্যু থেকে বাদ পড়ছে খুলনা। ফলে প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী তিনটি ভেন্যুর পরিবর্তে এবার ঢাকা ও বরিশালে দুই ধাপে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ম্যাচগুলো।
টুর্নামেন্ট কমিটির এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে সময়ের আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘বরিশাল স্টেডিয়ামের প্রস্তুতি ও অবকাঠামো একদমই প্রস্তুত। তবে খুলনায় আপাতত হচ্ছে না। সেখানকার উইকেট ঠিক থাকলেও মাঠের অবকাঠামো এখনও প্রস্তুত নয়। এই অল্প সময়ের মধ্যে সেটি সম্ভবও নয়। আপাতত বরিশাল ও ঢাকায় দুই ধাপে হবে টুর্নামেন্টের ম্যাচগুলো।’
এদিকে ডি-থ্রি ট্রফির গুরুত্বপূর্ণ অংশ খেলোয়াড় নিলাম। আগামী ২৬ অক্টোবর নিলাম আয়োজনের কথা থাকলেও দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি। ত্রিদেশীয় সিরিজ দেখতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি তামিম ইকবাল বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে রয়েছেন। তিনি দেশে ফিরলে নিলামের তারিখ চূড়ান্ত হতে পারে বলে জানিয়েছেন টুর্নামেন্ট কমিটির ওই সদস্য।
তিনি বলেন, ‘বাংলাদেশ দলের ত্রিদেশীয় সিরিজ দেখতে তামিম ইকবাল এখন আরব আমিরাতে রয়েছে। উনি দেশে ফিরলে চূড়ান্ত হবে নিলামের দিনক্ষণ।’
এদিকে প্রচলিত ফ্র্যাঞ্চাইজি লিগের মতো অর্থের বিনিময়ে নয়, ডি-থ্রি ট্রফির খেলোয়াড় নিলাম হবে পয়েন্টভিত্তিক পদ্ধতিতে। ছয়টি ফ্র্যাঞ্চাইজির প্রত্যেককে দেওয়া হবে ১০ কোটি পয়েন্ট। সেই পয়েন্ট খরচ করেই প্রতিটি দলকে ছয়টি ক্যাটাগরি থেকে ঠিক ২২ জনের স্কোয়াড গঠন করতে হবে।
নিলামের নিয়মাবলিতে খেলোয়াড়দের ক্যাটাগরি, ভিত্তিমূল্য, বিড বাড়ানোর ধাপ এবং দল গঠনের শর্ত নির্ধারণ করা হয়েছে। প্রতিটি ফ্র্যাঞ্চাইজি সমান পয়েন্ট নিয়ে নিলামে অংশ নেবে। ফলে নির্ধারিত পয়েন্টের মধ্যে ভারসাম্য রেখে শক্তিশালী দল গঠন করাই হবে ফ্র্যাঞ্চাইজিগুলোর বড় চ্যালেঞ্জ।
নিলামে অংশ নেওয়া খেলোয়াড়দের এ থেকে এফ— এই ছয়টি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। প্রতিটি ক্যাটাগরির জন্য নির্ধারণ করা হয়েছে আলাদা ভিত্তিমূল্য। কোনো খেলোয়াড়কে নিয়ে নিলামে বিড শুরু করার সর্বনিম্ন মূল্যই হবে তার ভিত্তিমূল্য।
ক্যাটাগরিভিত্তিক ভিত্তিমূল্য যথাক্রমে— ক্যাটাগরি এ : ৪০ লাখ পয়েন্ট, ক্যাটাগরি বি : ৩০ লাখ পয়েন্ট, ক্যাটাগরি সি : ২০ লাখ পয়েন্ট, ক্যাটাগরি ডি : ১০ লাখ পয়েন্ট, ক্যাটাগরি ই : ৫ লাখ পয়েন্ট, ক্যাটাগরি এফ : ৩ লাখ পয়েন্ট।
ভিত্তিমূল্যের পাশাপাশি বিড বাড়ানোর ক্ষেত্রেও থাকছে নির্দিষ্ট নিয়ম। খেলোয়াড়ের ক্যাটাগরি এবং চলমান বিডের পরিমাণ অনুযায়ী নির্ধারিত হবে পরবর্তী ধাপে কত পয়েন্ট যোগ করা যাবে। ফলে নিলামে শুধু পছন্দের খেলোয়াড়কে দলে নেওয়াই নয়, পুরো স্কোয়াড গঠনের জন্য পয়েন্টের সঠিক ব্যবহারও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।
ডি-থ্রি ট্রফির মাধ্যমে টি-টোয়েন্টি, এক দিনের ও চার দিনের ক্রিকেটকে একই প্রতিযোগিতার আওতায় আনার পরিকল্পনা করেছে বিসিবি। নতুন এই কাঠামো বাস্তবায়নের পথে এখন গুরুত্বপূর্ণ দুটি বিষয়, ভেন্যু চূড়ান্ত করা এবং খেলোয়াড় নিলামের দিনক্ষণ নির্ধারণ। খুলনাকে আপাতত বাদ দিয়ে ঢাকা ও বরিশালকে ঘিরে এগোচ্ছে টুর্নামেন্টের প্রস্তুতি।
সময়ের আলো/প্রিন্ট/টিকে