প্রকাশ: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ৩:০৯ এএম
ইনসেটে নিহত আনোয়ার হোসেন। ছবি : সংগৃহীত নতুন চাকরিতে যোগ দিয়ে বাড়ি ফিরছিলেন আনোয়ার হোসেন (৩০)। নাটোরের বড়াইগ্রামে মঙ্গলবার ভোরে সড়ক দুর্ঘটনায় তিনি নিহত হয়েছেন। নিহত আনোয়ার হোসেন রাজশাহীর বাগমারার শ্রীপুর ইউনিয়নের চাঁইপাড়া গ্রামের বাসিন্দা। তার মরদেহের অপেক্ষায় আছেন স্বজনরা। বাড়ির পাশের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
আনোয়ারের ভাতিজা মিজানুর রহমান জানান, আনোয়ার ঢাকায় থাকতেন এবং একটি প্রতিষ্ঠানে চাকরি করতেন। কিছুদিন আগে একটি প্রকল্পে নতুন চাকরি পান। সেখানে যোগ দিয়ে বাড়ি ফিরছিলেন তিনি। নাটোর-রাজশাহী মহাসড়কের পুঠিয়ায় বাস থেকে নামার কথা ছিল। সেখান থেকে বাড়িতে পৌঁছাবেন বলে মুঠোফোনে পরিবারকে জানিয়েছিলেন।
সকালে চাঁইপাড়া গ্রামে আনোয়ারের বাড়িতে গিয়ে দেখা যায়, শোকের মাতম। পরিবারের সদস্যদের ঘুম ভেঙেছে দুঃসংবাদে। একই উপজেলার কনোপাড়া গ্রামে শ্বশুরবাড়িতে ছিলেন আনোয়ারের স্ত্রী ফাতেমা বিবি। সেখান থেকেই স্বজনরা মৃত্যুর খবর পান। খবর পেয়ে প্রতিবেশীরা সান্ত্বনা দিতে বাড়িতে ভিড় করেন। সকাল ৯টার দিকে বাড়িতে গিয়ে ফাতেমাকে পাওয়া যায়নি। সকাল ১০টার দিকে তিনি দুই সন্তানকে নিয়ে বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে আসেন। বারবার জ্ঞান হারাচ্ছিলেন তিনি, কথা বলতে পারছিলেন না।
বাগমারা থানার ওসি তৌহিদুল ইসলাম বলেন, দুর্ঘটনায় আনোয়ারের মৃত্যুর খবর পাওয়ার পর তার পরিবারকে বিষয়টি জানানো হয়েছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের জন্য থানা-পুলিশ বনপাড়া হাইওয়ে পুলিশের সঙ্গে যোগাযোগ রাখছে।
সময়ের আলো/প্রিন্ট/আতা