প্রকাশ: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ২:২২ পিএম
ইবির নির্মাণাধীন ছাত্র হলের বাঁশ ভেঙে আহত। ছবি : সময়ের আলোইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নির্মাণাধীন ছাত্র হলের দেয়ালে প্লাস্টারের সময় বাঁশ ভেঙে পড়ে ১ শ্রমিক আহত হয়েছেন। বুধবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় নির্মাণাধীন ছাত্র হল-২ এ এই ঘটনা ঘটে। পরে আহত শ্রমিককে উদ্ধার করে চিকিৎসার জন্য কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হয়।
প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, এদিন ভবনটির দেয়ালে বাঁশের মাচায় ঝুলে প্লাস্টারের কাজ করছিলেন কয়েকজন শ্রমিক। এ সময় বাঁশের বাঁধন ছুটে মাচা ভেঙে গেলে দুই শ্রমিক ভবনটির চতুর্থ তলা থেকে নিচে পড়ে যান। অন্য শ্রমিকরা বাঁশের সঙ্গে ঝুলে থাকেন। এতে রসূল নামে এক শ্রমিক আহত হন। অন্য শ্রমিকরা সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এদিকে, ভবনটির নির্মাণকাজে নিয়োজিত শ্রমিকদের কারও শরীরে নিরাপত্তা বেল্ট ও হেলমেট ছিল না।
শ্রমিকদের অভিযোগ, কাজের জন্য তাদের প্রয়োজনীয় নিরাপত্তা সরঞ্জাম দেওয়া হয়নি। তবে, নিরাপত্তা সরঞ্জাম থাকলেও শ্রমিকরা নিজেদের সুবিধার্থে সেগুলো ব্যবহার করছেন না দাবি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের।
নির্মাণাধীন ভবনের কয়েকজন শ্রমিক জানান, বাঁশ কম বাঁধা থাকায় হঠাৎ বাঁশ ভেঙে শ্রমিকরা নিচে পড়ে যায়। এতে দুইজন নিচে পড়ে গেলেও অন্যরা বাঁশে ঝুলে থাকে। এছাড়া তাদের কাজের নিরাপত্তার জন্য কোনো সরঞ্জাম দেওয়া হয়নি।
প্রজেক্ট ইঞ্জিনিয়ার মুন্না আহমেদ বলেন, আহত শ্রমিককে কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়া হয়েছে। তেমন গুরুতর আহত হয়নি। এছাড়া নিরাপত্তার বিষয়ে শ্রমিকরা কখনো কোনো অভিযোগ করেনি। নিরাপত্তার জন্য সরঞ্জাম থাকলেও শ্রমিকরা ব্যবহার করছে না। তাদের নিরাপত্তার বিষয়ে নিয়মিত সচেতন করা হয়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী আব্দুল মালেক মিয়া বলেন, শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিতের জন্য প্রশাসনের পক্ষ থেকে তাদের একাধিকবার বলা হয়েছে এবং চিঠি দেওয়া হয়েছে। কিন্তু তারা এসব মানছেন না। এ বিষয়ে পরবর্তীতে আমরা আরও কঠোর সিদ্ধান্ত নেব।
সময়ের আলো/জোই