প্রকাশ: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ১০:৫৪ পিএম
শাহীন ব্যাপারী। ছবি : সংগৃহীতব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রেনের নিচে কাটা পড়ে শাহীন ব্যাপারী নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (২১ অক্টোবর) সকালে আখাউড়া রেলওয়ে কলোনি এলাকায় এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলে ধারণা করছে রেলওয়ে পুলিশ। তবে এর কারণ নিশ্চিত হওয়া যায়নি।
নিহত শাহীন ব্যাপারী উপজেলার উত্তর ইউনিয়নের আজমপুর গ্রামের বাসিন্দা। তাঁর চার মেয়ে রয়েছে।
রেলওয়ে পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী আন্তঃনগর মহানগর প্রভাতী ট্রেনের নিচে কাটা পড়ে তাঁর মৃত্যু হয়।
আখাউড়া রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) একেএম জালাল উদ্দিন জানান, মহানগর প্রভাতী ট্রেনটি ঘটনাস্থলে পৌঁছানোর সময় ওই ব্যক্তি রেললাইনে শুয়ে ছিলেন। ট্রেনের হর্ন দেওয়া হলেও তিনি লাইন থেকে সরে যাননি। এতে ট্রেনে কাটা পড়ে তাঁর মৃত্যু হয়। তাঁর মরদেহ কোমর থেকে দুই ভাগ হয়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন।
শাহীনের এক ভাতিজা বলেন, পারিবারিক কলহের কারণে তাঁর চাচা এমন সিদ্ধান্ত নিয়ে থাকতে পারেন বলে তিনি মনে করেন। তাঁদের বাড়ি থেকে রেললাইন মাত্র পৌনে এক কিলোমিটার দূরে। তবে তাঁর চাচা বাড়ি থেকে প্রায় তিন কিলোমিটার দূরে গিয়ে এ ঘটনা ঘটিয়েছেন, যাতে কেউ তাঁকে চিনতে না পারেন বলে তাঁর ধারণা।
নিহত শাহীনের শ্বশুর জানান, গত ছয় মাস ধরে তাঁর আচরণে পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছিল। বিষয়টি নিয়ে পরিবারের সদস্যরা তাঁর সঙ্গে কথা বলেছিলেন এবং কোনো সমস্যা আছে কি না জানতে চেয়েছিলেন। তবে শাহীন তাঁদের কিছু জানাননি। তিনি বলেন, শাহীনকে কোনো চিকিৎসকের কাছে নেওয়া হয়নি।
আখাউড়া উত্তর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহজাহান বলেন, শাহীনের পারিবারিক সমস্যা নিয়ে তিনি একাধিকবার আলোচনা করে সমাধান করে দিয়েছিলেন।
এ বিষয়ে নিহত শাহীনের স্ত্রী ও মেয়েদের সঙ্গে কথা বলার চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।
আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুস জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা করা হবে।
সময়ের আলো/এনএন