প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ১১:৪১ এএম
বরিশালের উজিরপুরে কাওসার হাওলাদার (৩৭) নামে এক যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ছবি : সংগৃহীতবরিশালের উজিরপুরে কাওসার হাওলাদার (৩৭) নামে এক যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। হামলা থেকে বাঁচতে পানিতে ঝাঁপ দিয়ে পাশের একটি বাড়িতে আশ্রয় নিয়েও শেষ রক্ষা হয়নি তার। এ ঘটনায় রাশেদ আমিন নামে আরেক যুবদল কর্মী গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (২৩ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে উজিরপুর ও কোটালীপাড়া সীমান্তবর্তী পশ্চিম সাতলা এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে কাওসার হাওলাদার, রাশেদ আমিনসহ কয়েকজন যুবদল কর্মী একটি ব্রিজের ওপর দাঁড়িয়ে কথা বলছিলেন। এ সময় মাইক্রোবাসে করে আসা একদল সশস্ত্র দুর্বৃত্ত তাদের ওপর অতর্কিত হামলা চালায়। প্রাণ বাঁচাতে কাওসার ও রাশেদ ব্রিজের নিচে পানিতে ঝাঁপ দেন। পরে তারা পাশের হাবিব হাওলাদারের বাড়িতে আশ্রয় নেন।
অভিযোগ অনুযায়ী, দুর্বৃত্তরা ওই বাড়ির দরজা ভেঙে ভেতরে ঢুকে কাওসারকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে যায়। পরে তাকে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ভাঙা দরজার পাশে অবস্থান করায় রাশেদ প্রাণে বেঁচে গেলেও গুরুতর আহত হন।
পুলিশ ও স্থানীয়দের ধারণা, পূর্বশত্রুতার জেরে পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। এ ঘটনায় সন্দেহের তীর নিজ দলের কয়েকজন নেতা-কর্মীর দিকে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
নিহত কাওসার হাওলাদার সাতলার আলামদী গ্রামের মোনাসেফ হাওলাদারের ছেলে। তিনি পেশায় মোটরসাইকেলচালক ছিলেন।
উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম হত্যাকাণ্ডের সত্যতা নিশ্চিত করেছেন। ময়নাতদন্তের জন্য মরদেহ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
সময়ের আলো/এমকে