প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১:২০ এএম
ছবি : সংগৃহীত সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’ লিখে আলোচনার জন্ম দেওয়া সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুর রহমান শান্তকে সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।
রোববার (২৫ অক্টোবর) সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়। বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মুর্শিদ ইকবাল স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে জামালগঞ্জ উপজেলা ভূমি অফিসে কর্মরত আরিফুর রহমান শান্তকে (পরিচিতি নম্বর-১৯০৪১) তাৎক্ষণিকভাবে সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।
এর আগে গত শুক্রবার (২৩ অক্টোবর) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে পরপর দুটি পোস্ট দেন এই বিসিএস কর্মকর্তা। প্রথম পোস্টে তিনি লেখেন, ‘আমার মৃত্যুর জন্য শিল্পী রানী মোদক (ইউএনও) দায়ী থাকবে।’ দ্বিতীয় পোস্টে তিনি লেখেন, ‘আই রিজাইন ফ্রম অ্যাডমিন ক্যাডার’ (আমি প্রশাসন ক্যাডার থেকে পদত্যাগ করলাম)।
একজন কর্মরত সহকারী কমিশনারের এমন পোস্ট দ্রুত ছড়িয়ে পড়লে প্রশাসনের ভেতরে ও বাইরে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। পোস্ট দুটিতে তার ঊর্ধ্বতন কর্মকর্তা ও জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিল্পী রানী মোদককে নিয়ে অভিযোগ এবং প্রশাসন ক্যাডার থেকে পদত্যাগের ঘোষণা জনমনে নানা প্রশ্নের জন্ম দেয়।
জানা গেছে, ফেসবুকে পোস্ট দেওয়ার পর আরিফুর রহমান শান্ত অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে প্রথমে সিলেটে নেওয়া হয় এবং উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়।
এদিকে, ফেসবুকে দেওয়া পোস্টের পর তার অসুস্থতা এবং বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সংযুক্তির সিদ্ধান্তকে ঘিরে প্রশাসনের বিভিন্ন পর্যায়ে আলোচনা চলছে। তবে পোস্ট দেওয়ার ঘটনার সঙ্গে সংযুক্তির সিদ্ধান্তের সরাসরি কোনো সম্পর্ক রয়েছে কি না, সে বিষয়ে প্রজ্ঞাপনে বিস্তারিত কিছু জানানো হয়নি।
সময়ের আলো/এসএকে