প্রকাশ: শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬, ৯:৫৪ এএম
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। সংগৃহীত ছবি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সংগঠনটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানানো হয়।
কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে সংগঠনের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী ৭ নভেম্বর (শনিবার) দেশের সব বিশ্ববিদ্যালয়, জেলা, মহানগর ও কলেজে দিবসটি উপলক্ষে পোস্টার সাঁটানো হবে। একই দিন সকাল ১১টায় মহান স্বাধীনতার ঘোষক, সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান (বীর উত্তম) এবং বিএনপির সাবেক চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার মাজারে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করবেন সংগঠনটির নেতাকর্মীরা।
এদিন দুপুর ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদলের উদ্যোগে আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এ ছাড়া বিকেল ৩টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলটির উদ্যোগে আয়োজিত বর্ণাঢ্য র্যালিতে ছাত্রদলের ঢাকা মহানগরের সব ইউনিট অংশ নেবে।
দুই দিনের কর্মসূচির শেষ দিন ৮ নভেম্বর (রোববার) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে আলোচনা সভার আয়োজন করবে ছাত্রদল। একই সঙ্গে দেশের সব বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, মহানগর ও জেলা পর্যায়েও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
সময়ের আলো/ইউএমএইচ